আওয়ামী লীগের অবরোধে অচল গোপালগঞ্জ, বন্ধ যান চলাচল ও দোকানপাট
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে কার্যত স্থবির হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। জেলার প্রধান সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ।
রোববার (২৯ নভেম্বর) সকালে গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রধান সড়কগুলোতে যানবাহনের চলাচল নেই বললেই চলে। শহরের অলিগলিতে দু-একটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করলেও সংখ্যায় তা ছিল খুবই কম। প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে বের হতে দেখা যায়নি।
অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশসহ গোপালগঞ্জ-টেকেরহাট ও গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে গোপালগঞ্জের সঙ্গে বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অবরোধের প্রভাবে সকাল থেকেই জেলা শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর মধ্যে আগে থেকেই জেলায় ট্রেন চলাচল বন্ধ থাকায় সড়ক ও রেলপথ—দুই মাধ্যমেই যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। এতে কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা ভোগান্তিতে পড়েছেন।
তবে অবরোধের মধ্যেও গোপালগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অবরোধকারীরা পরীক্ষার্থীদের কোনো ধরনের বাধা ছাড়াই পরীক্ষাকেন্দ্রে যেতে দিয়েছেন। ফলে শিক্ষার্থীরা অনেকটা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই শহর ও জেলার গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনেও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং দুই হাজারের বেশি পুলিশ সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ কিংবা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সব মিলিয়ে অবরোধের প্রথম দিন গোপালগঞ্জের স্বাভাবিক জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সড়কে যানবাহ
১২০ বার পড়া হয়েছে