আগামী ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ইসরাইলে আগামী আট দিনের মধ্যে নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট। একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির বিরুদ্ধে সরকার গঠনের আলোচনা ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করার অভিযোগ তুলেছেন তিনি। আইজেনকোটের দাবি, দেশে আবার নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি করতেই এমনটি করছে নেতানিয়াহুর দল।
শুক্রবার (২৭ নভেম্বর) আইজেনকোট জানান, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে পাওয়া সরকার গঠনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি নতুন সরকার গঠন করতে চান। এ জন্য তাঁর হাতে সময় রয়েছে মাত্র আট দিন। আগামী ৬ ডিসেম্বর সরকার গঠনের দায়িত্ব পালনের নির্ধারিত সময় শেষ হবে।
ইতিমধ্যে আভিগদর লিবারম্যানের ইসরাইল বেইতেনু এবং ইয়াইর গোলানের দ্য ডেমোক্র্যাটস পার্টির সঙ্গে জোট চুক্তি করেছেন আইজেনকোট। এই তিন দলের সম্মিলিত আসনসংখ্যা ১২০ সদস্যের ইসরাইলি পার্লামেন্ট নেসেটে ৩৬টি।
সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘বিয়াচাদ’ পার্টি এই জোটে যুক্ত হলে আসনসংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৮টিতে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আরও ১৩ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন হবে।
এই ঘাটতি পূরণে আইজেনকোটকে আরব নেতৃত্বাধীন দুটি দল অথবা কট্টর ইহুদি ধর্মীয় গোষ্ঠীর দলগুলোর সমর্থন নিতে হতে পারে। আপাতত তাঁর পছন্দের সমীকরণে রয়েছে কট্টর ইহুদি ধর্মীয় দল ইউনাইটেড তোরাহ জুদাইজম এবং তুলনামূলক মধ্যপন্থি আরব দল রা'আমের সমর্থন নিয়ে সরকার গঠন।
তবে এ ধরনের জোট গঠন করতে গেলে আইজেনকোটের নেতৃত্বাধীন পরিবর্তনপন্থি জোটের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসতে হবে। কারণ, নির্বাচনের আগে তাঁরা আরব নেতৃত্বাধীন কিংবা কট্টর ইহুদি ধর্মীয় দলগুলোর সঙ্গে সরকার গঠনে অংশ না নেওয়ার অঙ্গীকার করেছিলেন। কিন্তু নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় নতুন নির্বাচন এড়াতে তাঁদের অবস্থানে পরিবর্তন আনতে হচ্ছে।
নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব
সরকার গঠনের জন্য আইজেনকোটের সামনে আরেকটি পথ খোলা রয়েছে। সেটি হলো নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে আইজেনকোট বলেন, জাতীয় ঐক্যের সরকার গঠনে তিনি সমঝোতা করতে প্রস্তুত। তবে লিকুদ পার্টি এ বিষয়ে আন্তরিকভাবে আলোচনা করতে আগ্রহী নয় বলে অভিযোগ করেন তিনি।
এর জবাবে লিকুদ অভিযোগ করেছে, আইজেনকোট ইতিমধ্যে একটি ‘বিপজ্জনক বামপন্থি সরকার’ গঠনের চুক্তি করেছেন। ঐক্য সরকারের আলোচনা চালানোর পাশাপাশি তিনি মন্ত্রিসভার পদও বণ্টন করছেন বলে দাবি দলটির।
আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের উদ্যোগ নিয়েও আইজেনকোটের সমালোচনা করেছে লিকুদ। দলটি আরব দলগুলোকে ‘সন্ত্রাসবাদের সমর্থক’ বলে আখ্যা দিয়েছে।
তবে এর কয়েক মিনিট পর দেওয়া আরেক বিবৃতিতে লিকুদ জানায়, আইজেনকোটের কর্মকাণ্ড নিয়ে আপত্তি থাকলেও ইসরাইলের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য তাদের দরজা খোলা রয়েছে। এ লক্ষ্য অর্জনে সব ধরনের চেষ্টা চালানো হবে বলেও জানায় দলটি।
আইজেনকোটের অভিযোগ, গত দুই সপ্তাহে ইয়াশার ও লিকুদ পার্টির আলোচনাকারী প্রতিনিধিরা মাত্র পাঁচবার বৈঠক করেছেন। আরও ঘন ঘন বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও লিকুদ তাতে রাজি হয়নি।
তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা প্রতিরোধে ব্যর্থতার কারণ অনুসন্ধানে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন, সরকার থেকে উগ্রপন্থিদের সরিয়ে দেওয়া এবং সবার জন্য সামরিক বা জাতীয় সেবা বাধ্যতামূলক করার আইন নিয়ে আলোচনায় রাজি হয়নি লিকুদ।
আইজেনকোটের ভাষায়, লিকুদের প্রস্তাবিত ঐক্য সরকার হবে সবচেয়ে খারাপ ধরনের সমঝোতা। সেখানে একই সরকার ও একই জোটসঙ্গীরা বহাল থাকবেন, কোনো পরিবর্তন আসবে না। এমনকি বাধ্যতামূলক সামরিক সেবার আইনও কার্যকর হবে না।
তিনি বলেন, ‘এ ধরনের প্রহসনে আমি অংশ নিতে চাই না।’
আইজেনকোট আরও জানান, রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন এবং বিচারব্যবস্থার সংস্কারের বিষয়ে তাঁর জোট সমঝোতায় রাজি ছিল। কিন্তু দুই সপ্তাহের আলোচনায় লিকুদ কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দিতে পারেনি। তবে দলটি আন্তরিকভাবে আলোচনা ও পারস্পরিক সমঝোতায় আগ্রহী হলে তাদের সঙ্গে আলোচনার পথ খোলা থাকবে।
সরকার গঠনে ব্যর্থ হলে কী হবে?
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা আইজেনকোটের নেতৃত্বাধীন পরিবর্তনপন্থি জোট—কোনোটিই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।
ইসরাইলের আইন অনুযায়ী, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ চাইলে আইজেনকোটের সরকার গঠনের সময়সীমা সর্বোচ্চ ১৪ দিন বাড়াতে পারবেন। এরপরও তিনি ব্যর্থ হলে অন্য কোনো আইনপ্রণেতাকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দিতে পারবেন।
সেই প্রচেষ্টাও ব্যর্থ হলে অন্তত ৬১ জন আইনপ্রণেতা ২১ দিনের মধ্যে অন্য কোনো পার্লামেন্ট সদস্যকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার অনুরোধ জানাতে পারবেন। নতুন নির্বাচন এড়ানোর জন্য এটিই হবে শেষ প্রচেষ্টা। এভাবে দায়িত্ব পাওয়া আইনপ্রণেতাকে ১৪ দিনের মধ্যে সরকার গঠন করতে হবে।
১০৭ বার পড়া হয়েছে