কলারোয়া সীমান্তে বিজিবির হাতে গোপালগঞ্জের যুবক আটক
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৩:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় প্রান্ত তালুকদার (২০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাসিন্দা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়। একই দিন রাতে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটক প্রান্ত তালুকদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, প্রান্ত তালুকদার ২০২৫ সালে গোপালগঞ্জ জেলার গোপালপুর ইউনিয়নের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হন। তবে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পরে তাঁকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়।
বিজিবির অধিনায়ক আরও জানান, চলতি বছরের ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের সরকারবিরোধী প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে বিভিন্ন স্থানে ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে প্রান্ত তালুকদারের বিরুদ্ধে।
এরপর গত ২৬ নভেম্বর অবৈধভাবে ভারতে প্রবেশ করে হাকিমপুর এলাকার একটি গ্রামে অবস্থান করেন তিনি। সেখান থেকে অবৈধ পথে বাংলাদেশে ফেরার সময় বিজিবি সদস্যরা তাঁকে আটক করেন।
আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রান্ত তালুকদারকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটক যুবকের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে।
১৪১ বার পড়া হয়েছে