চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালকসহ নিহত ২
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৫:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন কৃষিপণ্য নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে চাটমোহর রেলবাজারের অমৃত কুন্ডা হাটে যাচ্ছিলেন। পথে ভাদড়া বাইপাস এলাকায় পৌঁছালে ভ্যানটির শ্যাপ ভেঙে যায়। এ সময় পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও দুজন আহত হন।
দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ট-১৮-২০৪১।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ট্রাক ও ক্ষতিগ্রস্ত ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
১৪৫ বার পড়া হয়েছে