জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৩:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট শাহনুর রহমান শাহীন এবং সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী মুকুল নির্বাচিত হয়েছেন।
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। বিএনপিপন্থী এই সংগঠনটি নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২৩৯ জন ভোটারের মধ্যে ২৩১ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং জামায়াতপন্থী বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট শাহনুর রহমান শাহীন এবং সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী মুকুল নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি খায়রুল আহসান সাখিদার জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসানুজ্জামান নান্নু, নিরীক্ষা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজমুল হাসান জনি, অর্থ সম্পাদক পদে শহিদুল ইসলাম (৩), প্রচার, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক রুহুল আমিন ফারুক এবং আপ্যায়ন, ক্রীড়া, সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক নূর-ই-আলম ছিদ্দিক।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মাহমুদ হাসান ফিরোজ, ইতি খাতুন ও সাদাত জামান ফিরোজ প্রিন্স।
ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নুরুন্নবী।
১৫০ বার পড়া হয়েছে