আজ স্বর্ণের দাম কত
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৫:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণের বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর আগে গত ২৬ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭ টাকা।
অন্যদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
সংগঠনটির নির্দেশনা অনুযায়ী, স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে নকশা ও মানভেদে মজুরি নির্ধারণ করা হবে। তবে স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া অলঙ্কার বদল বা বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে নির্ধারিত দামের ৯ শতাংশ এবং পুরোনো স্বর্ণ বিক্রি বা কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে।
বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৯ বার দাম বাড়ানো হয়েছে, ৭৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
১০৭ বার পড়া হয়েছে