'শিক্ষকদের সুবিধা দিয়ে এ খাতে গুরুত্ব সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি'
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১১:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দেশের ১০ লাখ মেয়েকে সাইকেল উপহার দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ৩০ হাজার কম্পিউটার বিতরণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস এবং প্রতিদিন ৩৮ টাকা ৫০ পয়সা মূল্যের খাবার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার। শিক্ষকদের ৫০ শতাংশ এমপিও সুবিধা দিয়ে এ খাতে গুরুত্ব দেওয়ার সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়াও শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কখনো বাজেটের অভাব হয়নি। শিক্ষা সংস্কারের জন্য যা প্রয়োজন, সরকার সব সময় তা করে আসছে।
তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়কে মেয়েদের জন্য সাড়ে তিন লাখ সাইকেল কেনার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় দেশের ১০ লাখ মেয়েকে সাইকেল উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ৩০ হাজার কম্পিউটার বিতরণ করা হবে। প্রথম ধাপে ভালো ফলাফল করা ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে এসব কম্পিউটার দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়া হবে। পাশাপাশি প্রতিদিন শিক্ষার্থীদের ৩৮ টাকা ৫০ পয়সা মূল্যের খাবার সরবরাহ করা হবে।
অনুষ্ঠানে তিনি শিক্ষা খাতের উন্নয়নে সরকারের আরও কয়েকটি পরিকল্পনা ও উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মামুদ সোহেল, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যাপক শরীফ নেওয়াজ তালুকদার। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
১০৭ বার পড়া হয়েছে