স্বামীর ভালোবাসা ও দ্বীনের পথে ফেরাতে কী পরামর্শ দিলেন মুফতি
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
স্বামীকে নিয়মিত নামাজে অভ্যস্ত করা, দাম্পত্য সম্পর্কে ভালোবাসা বাড়ানো এবং তাঁর কাছ থেকে সম্মান পাওয়ার উপায় জানতে চেয়ে ইসলামি প্রশ্নোত্তরবিষয়ক ওয়েবসাইট ইফতায় পরামর্শ চেয়েছেন এক নারী। তাঁর প্রশ্নের জবাবে মুফতি ওলি উল্লাহ পারিবারিক মুরব্বিদের মাধ্যমে স্বামীকে বোঝানো, দ্বীনি পরিবেশে সময় কাটানো এবং দাম্পত্য সম্পর্কে ইতিবাচক আচরণের পরামর্শ দিয়েছেন।
ওই নারীর অভিযোগ, তাঁর স্বামী মুঠোফোনে অতিরিক্ত সময় কাটান। এমনকি এ কারণে নিয়মিত নামাজও আদায় করেন না। স্ত্রী তাঁকে বারবার বোঝানোর চেষ্টা করলেও তিনি রাগারাগি করেন এবং কখনো কখনো কথাবার্তাও বন্ধ রাখেন। স্বামীকে দ্বীনের পথে ফিরিয়ে আনা এবং তাঁর ভালোবাসা ও সম্মান পাওয়ার উপায় জানতে চেয়েছেন ওই নারী।
জবাবে মুফতি ওলি উল্লাহ পারিবারিক মুরব্বিদের উপস্থিতিতে বৈঠক করে স্বামীকে বোঝানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তাঁকে দ্বীনি পরিবেশে সময় কাটানোর জন্য চিল্লায় পাঠানোর কথাও বলেছেন।
স্বামীকে নিয়মিত নামাজি করার বিষয়ে একটি পৃথক আমলের লিংক দিয়েছেন তিনি। তবে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো আমল তাঁর জানা নেই বলে জানিয়েছেন মুফতি।
দাম্পত্য সম্পর্কে ভালোবাসা ও আন্তরিকতা বাড়াতে স্ত্রীর আচরণে কিছু ইতিবাচক পরিবর্তনের পরামর্শও দিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে স্বামীর সামনে সুন্দর ও আকর্ষণীয় পোশাক পরা, চুল পরিপাটি রাখা এবং স্বামী ঘরে ফিরলে হাসিমুখে সালাম দিয়ে তাঁকে স্বাগত জানানো। ঘরে ফেরার পরপরই সমস্যা বা অভিযোগের কথা না তুলে তাঁকে কিছুটা মানসিক বিরতি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া শাশুড়ির সঙ্গে ভালো আচরণ করা, স্বামীর ভালো কাজের প্রশংসা করা এবং তাঁর কথা ধৈর্য ধরে শোনার কথা বলা হয়েছে। ঘরের কাজে সহযোগিতা করলে স্বামীকে ধন্যবাদ জানানো, নিয়মিত ভালোবাসার কথা প্রকাশ করা এবং পরিবারের জন্য তাঁর পরিশ্রম ও উপার্জনের প্রশংসা করতেও পরামর্শ দিয়েছেন মুফতি।
জবাবে আরও বলা হয়েছে, প্রতিটি ওয়াক্তের নামাজে আল্লাহর কাছে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সহমর্মিতার সম্পর্ক দৃঢ় করার দোয়া করতে হবে। পাশাপাশি তাহাজ্জুদের সময় স্বামীকে নামাজের জন্য ডাকতে এবং দুজনের জন্য তাকওয়া অর্জনের প্রার্থনা করতে বলা হয়েছে।
স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকলে সুরা বাকারার ১৬৫ নম্বর আয়াত মিষ্টিজাতীয় খাবারের ওপর পড়ে ফুঁ দিয়ে স্বামীকে খাওয়ানোর একটি আমলের কথাও জবাবে উল্লেখ করেছেন মুফতি ওলি উল্লাহ। তবে তিনি স্পষ্ট করেছেন, এ আমলের পক্ষে নির্দিষ্ট কোনো দলিল নেই। কিছু ধর্মীয় ব্যক্তিত্বের কাছ থেকে এমন আমলের কথা শোনা যায় বলেও উল্লেখ করেছেন তিনি।
১২৭ বার পড়া হয়েছে