সর্বশেষ

জাতীয়

ফ্যাসিবাদের পুনরুত্থান হবে না- প্রতিজ্ঞা আছে আমাদের: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান বা প্রত্যাবর্তন হবে না। গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি দেশে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠায় সরকার কাজ করবে। পলাতক ফ্যাসিস্টরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, যখনই দেশে স্বৈরতন্ত্রের আগমন ঘটেছে, প্রতিবারই বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আরেকবার দলের নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সময় দেশের গণতন্ত্র প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছিল। স্বাধীনতা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত হয়েছিল। এটি দেশের ইতিহাসের অংশ।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা গণতান্ত্রিক আচরণ করব। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করব। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করব। এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং প্রত্যাবর্তন হবে না। এই প্রতিজ্ঞা আমাদের আছে, এ দেশের জনগণের আছে।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতিতে তিনি কোনো অস্থিরতা দেখছেন না। পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। সরকার কোনো রক্তপাত চায়নি বলেই ধৈর্যের সঙ্গে তাদের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলা করছে।

তিনি আরও বলেন, সরকার চায় দেশে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা গড়ে উঠুক। সব রাজনৈতিক দল গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করবে। সরকার বলপ্রয়োগ করতে চায় না। তবে পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে তা কঠোর হাতে মোকাবিলা করা হবে।

মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি অপরাধের বিচার নিশ্চিত করার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান গণহত্যা চালিয়ে দেশের মানুষ হত্যার পর আবার রাজনীতিতে ফিরে আসতে পারেননি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

এদিকে বিজয়ের মাস উপলক্ষে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ১ ডিসেম্বর গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে বিজয়ের মাসের কর্মসূচি শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০