গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, চরম ভোগান্তিতে গ্রাহকরা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে বিকাশসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। গত বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে শুরু হওয়া এ সমস্যায় কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন কিংবা স্বজনদের কাছে অর্থ পাঠাতে না পেরে অনেককে এজেন্টের দোকান থেকে ফিরে যেতে হচ্ছে। এতে দৈনন্দিন কাজের পাশাপাশি আর্থিক সংকটে পড়েছেন মোবাইল ব্যাংকিংয়ের ক্ষুদ্র উদ্যোক্তারাও।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিকাশ, রকেট, নগদ ও উপায় এজেন্টের দোকানে গিয়ে দেখা যায়, অনেক গ্রাহক লেনদেন বন্ধের বার্তা পেয়ে টাকা তুলতে বা পাঠাতে না পেরে ফিরে যাচ্ছেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনের ওপর নির্ভরশীল নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ বেশি সমস্যায় পড়েছেন।
গ্রাহকদের অভিযোগ, মোবাইল ব্যাংকিং এখন শুধু টাকা পাঠানো বা উত্তোলনের মাধ্যম নয়, বরং গ্রাম ও শহরের মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কৃষকের বীজ ও কীটনাশক কেনা, শিক্ষার্থীদের মেসের খরচ, পরিবারের চিকিৎসা ব্যয় কিংবা প্রবাসী ও কর্মজীবী স্বজনদের পাঠানো অর্থের মতো প্রয়োজনীয় কাজ এ সেবার ওপর নির্ভরশীল। হঠাৎ লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় সীমিত আয়ের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
এ পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে হলেও মোবাইল ব্যাংকিং লেনদেন চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাঁদের মতে, কোনো অনিয়ম বা নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে যাচাই-বাছাই করে তা করা যেতে পারে। তবে এর প্রভাব যেন সাধারণ গ্রাহক, কৃষক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর না পড়ে, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
শহরের চা বিক্রেতা সুলতান সিকদার বলেন, চা বিক্রি করেই তিনি সংসার চালান। বিভিন্ন সময় তাঁকে বিকাশে লেনদেন করতে হয়। কিন্তু নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে দেখেন, সেবাটি বন্ধ রয়েছে। টাকা তুলতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি।
রঘুনাথপুর গ্রামের কৃষক সুবল রায় বলেন, কৃষিকাজ করেই তাঁর জীবিকা চলে। জমিতে লাগানোর জন্য সবজির চারা ও কীটনাশক কিনতে শহরে এসে বিকাশ থেকে টাকা তুলতে চেয়েছিলেন। কিন্তু এসে দেখেন, তাঁর অ্যাকাউন্ট বন্ধ। এখন কীভাবে চারা ও কীটনাশক কিনবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। সময়মতো চারা রোপণ করতে না পারলে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
শহরের বাসিন্দা ব্যবসায়ী পবিত্র বিশ্বাস জানান, তাঁর ছেলে ঢাকায় থেকে পড়াশোনা করে। বুধবার রাতে ছেলে ফোন করে মেসের খাবারের বিল পরিশোধের জন্য টাকা চায়। বৃহস্পতিবার সকালে টাকা পাঠাতে গিয়ে বিকাশ থেকে একটি বার্তা পান।
বার্তায় বলা হয়, ‘স্যার/ম্যাডাম, এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’
পরে ঢাকাগামী একটি বাসের সুপারভাইজারের কাছে অনুরোধ করে অতিরিক্ত ১০০ টাকা দিয়ে ছেলের কাছে দুই হাজার টাকা পাঠানোর ব্যবস্থা করেন তিনি।
এদিকে এএসআর জান্নাতুল ফেরদাউস অন্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, গোপালগঞ্জের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ, পুলিশি সেবা বন্ধ, বিকাশ-নগদসহ বিভিন্ন সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎও বন্ধ হয়ে যেতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, এ অবস্থায় গোপালগঞ্জবাসীর করণীয় কী।
চৌরঙ্গী রোডের এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছোট ব্যবসার আয় দিয়েই তাঁদের সংসার চলে। মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বন্ধ থাকায় তাঁদের আয়ও বন্ধ হয়ে গেছে। সব ধরনের লেনদেন বন্ধ না করে নির্দিষ্ট সীমা নির্ধারণ করা যেতে পারে। যেসব নম্বরের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সেগুলো যাচাই করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বিকাশ এজেন্ট বুলবুল মোল্লা বলেন, বৃহস্পতিবার সারাদিন তাঁদের ব্যবসা অনেক কম হয়েছে। জেলার অধিকাংশ বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ থাকায় গ্রাহকের উপস্থিতিও কমে গেছে। এতে তাঁদের আয়-রোজগার কমেছে। বিকাশের পাশাপাশি নগদ, উপায় ও রকেটের কিছু অ্যাকাউন্টেও লেনদেনের সমস্যা হচ্ছে। বড় অঙ্কের লেনদেন হয়, এমন অ্যাকাউন্টগুলোর বেশির ভাগ বন্ধ রয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
রকেট ব্যাংকিংয়ের এরিয়া ম্যানেজার হাবীবুর রহমান বলেন, রকেটের অ্যাকাউন্ট বন্ধ রাখার বিষয়ে সরকারি বা আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত তাঁরা পাননি। তবে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার অভিযোগ পেয়েছেন। সমস্যা খতিয়ে দেখতে গ্রাহকদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিকাশের এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজিব বলেন, কোনো এজেন্ট নম্বর বন্ধ করা হয়নি। তবে গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খোলা অধিকাংশ অ্যাকাউন্টে এ ধরনের সমস্যা হয়েছে। তাঁর ধারণা, যেসব অ্যাকাউন্টে বেশি লেনদেন হয়েছে, সেগুলো নজরদারিতে রাখার জন্য সরকার হয়তো এ সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে জানতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কেউ ফোন ধরেননি।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় অর্থায়ন ও সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সহিংসতায় অর্থায়ন ও সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় এসব হিসাবের মাধ্যমে অর্থ লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাঁদের মোবাইল ব্যাংকিং হিসাবের লেনদেনও পর্যালোচনা করা হবে।
গত কয়েক দিনে এসব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। উপজেলা অনুযায়ী, গোপালগঞ্জ সদরের ১৭ জন, টুঙ্গিপাড়ার ১৫ জন, কোটালীপাড়ার ৩২ জন, মুকসুদপুরের ১৪ জন এবং কাশিয়ানীর ১৯ জন করদাতার ব্যাংক হিসাব এ তালিকায় রয়েছে।
জেলায় একের পর এক সহিংসতা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে মোবাইল আর্থিক সেবাতেও। লেনদেন বন্ধ থাকায় টাকা পাঠানো, উত্তোলনসহ দৈনন্দিন আর্থিক কর্মকাণ্ডে সমস্যায় পড়ছেন সাধারণ গ্রাহকরা।
১৩১ বার পড়া হয়েছে