বোচাগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময়
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১১:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার ভিত্তি মজবুত করতে দিনাজপুরের বোচাগঞ্জে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের বোচাগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার সেতাবগঞ্জ বড়মাঠে ধনতলা ক্লাস্টারের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। সভায় সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান।
সভায় শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি, শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্ব ও প্রাথমিক শিক্ষার গুণগত পরিবর্তন আনতে অভিভাবকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, শিশুদের শিক্ষার ভিত্তি মজবুত করতে শুধু বিদ্যালয়ের উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অভিভাবকদের সচেতন অংশগ্রহণ, শিশুদের পড়াশোনার প্রতি যত্নশীল হওয়া এবং বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় আশা প্রকাশ করা হয়, ধনতলা ক্লাস্টারের এ উদ্যোগ প্রাথমিক শিক্ষা সম্পর্কে অভিভাবকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষাগত অগ্রগতি নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
১০৫ বার পড়া হয়েছে