প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও উৎপাদনমুখী শিল্পে রূপান্তরের পরিকল্পনা করছে সরকার। এ খাত ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করা সম্ভব হলে স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা কঠিন হবে না। এ জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা ও সদিচ্ছা।
প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা প্রান্তিক পর্যায়ের খামারিদের কাছে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ খাতের আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর উন্নয়নেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
খামারিদের প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, খামার সম্প্রসারণে তাঁদের প্রয়োজনীয় নীতিগত ও কারিগরি সহায়তা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে একটি মেধাসমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে সরকার কাজ করছে। একটি মেধাবী জাতি গঠনের অন্যতম পূর্বশর্ত হলো পর্যাপ্ত প্রাণিজ আমিষের সরবরাহ নিশ্চিত করা।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে মোট ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ‘প্রাণিসম্পদ পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৪৮ বার পড়া হয়েছে