ভাঙ্গায় শিশু ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় সুমন হাওলাদার (২৪) নামের এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সুমন হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামের জাফর হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ জুন বিকেল পাঁচটার দিকে শিশুটিকে বাড়িতে একা রেখে ব্যক্তিগত কাজে ইউনিয়ন পরিষদে যান তার মা। এ সময় প্রতিবেশী সুমন বাড়িতে প্রবেশ করে শিশুটির মুখ চেপে ধরেন। পরে ওড়না দিয়ে তার দুই হাত বেঁধে বারান্দায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
একপর্যায়ে শিশুটির মা বাড়িতে ফিরে এলে সুমন ঘরের খাটের নিচে লুকিয়ে পড়েন। মেয়েকে কান্নাকাটি করতে দেখে মা এর কারণ জানতে চান। তখন শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেয়। বিষয়টি বুঝতে পেরে সুমন খাটের নিচ থেকে বেরিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় পরদিন শিশুটির মা বাদী হয়ে ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলাটির তদন্ত করেন ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হোসেন। তদন্ত শেষে ২০২৫ সালের ১৭ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় সুমন হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন। তিনি জানান, ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সুমন হাওলাদারকে সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
১০৬ বার পড়া হয়েছে