কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের সভাকক্ষ পায়রায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও ৭ নম্বর লতাচাপলী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আব্বাস আলী।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বাকি বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আলহাজ মনিরুজ্জামান ও খামারি উদ্যোক্তা মো. আমিনুল ইসলাম তালুকদার।
আলোচনায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত শুধু মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণেই ভূমিকা রাখে না, বরং গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবেও কাজ করে। এ খাতের উন্নয়নে মানবসম্পদের দক্ষতা বৃদ্ধি ও নতুন উদ্যোক্তা তৈরিতেও সরকার কাজ করছে।
বক্তারা জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশের ৩ লাখ ৭৭ হাজার ৫৭৮ জন প্রান্তিক খামারিকে আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তাঁরা আরও জানান, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রাণিজাত পণ্য ও উপজাত রপ্তানি করে ৩২ দশমিক ৯৮ লাখ মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ। অন্যদিকে, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে ১০৪ দশমিক ৬৩ লাখ মার্কিন ডলার।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের খামারি, প্রাণিসম্পদ হাসপাতাল থেকে সেবা গ্রহণকারীরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
১০৭ বার পড়া হয়েছে