ফরিদপুরে ১,৯৬০ পিস ইয়াবাসহ আটক ৪
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের কোতয়ালী থানার শোভারামপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৭০০ টাকাও উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮৮ হাজার টাকা।
ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। আটক ব্যক্তিদের মধ্যে একই পরিবারের বাবা, ছেলে ও মেয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফ থানার হাবির ছড়া এলাকার মো. সোহেল রানার স্ত্রী হাসিনা বেগম শ্রাবন্তী (২৭), ফরিদপুরের কোতয়ালী থানার শোভারামপুর এলাকার মৃত ওসমান ফকিরের ছেলে জামাল ফকির (৫০) এবং তাঁর মেয়ে শান্তা আক্তার (২৫) ও ছেলে মো. শুভ ফকির (২২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোতয়ালী থানার শোভারামপুর এলাকায় অভিযান চালায় এসআরবি-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল। এ সময় ১ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়। তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৭০০ টাকাও উদ্ধার করা হয়েছে।
এসআরবি জানায়, আটক ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তাঁরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুরের কোতয়ালীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
উদ্ধার করা মাদক ও নগদ অর্থসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এসআরবি। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১০৭ বার পড়া হয়েছে