নাটোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নাটোর জেলা শাখার আমির ড. মীর নুরুল ইসলাম। তিনি বলেন, ‘শেখ হাসিনা মনে করছেন, দেশে ফিরলে বাংলাদেশের মানুষ তাঁকে স্বাগত জানাবে। তাঁর এই আশায় গুড়েবালি। সে সময় প্রশাসনের সহযোগিতা নিয়েও আপনি মাঠে টিকে থাকতে পারেননি। এখন তো আপনি ক্ষমতায় নেই, তাহলে আপনি কীভাবে থাকবেন।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হাকিম, সহসেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, জেলা কর্মপরিষদের সদস্য সেক্রেটারি সাদেকুর রহমান, অধ্যাপক সাইদুর রহমান এবং নাটোর শহর শাখার আমির মাওলানা মীর নুরুন্নবীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
১০৮ বার পড়া হয়েছে