সবার অগোচরে গোডাউন থেকে বই বিক্রি, গোপনে নিলাম
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সরকারি গোডাউন থেকে পুরাতন বই বিক্রি ও সরিয়ে নেওয়ার প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ না করা, নিলাম কমিটির সদস্যদের কার্যক্রম সম্পর্কে অবগত না রাখা এবং সাপ্তাহিক ছুটির দিন ভোরে বই সরিয়ে নেওয়ায় প্রশ্ন উঠেছে স্বচ্ছতা নিয়ে। ১৭ টাকা কেজি দরে প্রায় ১ হাজার ৫০০ কেজি বই বিক্রির তথ্য পাওয়া গেলেও স্থানীয়দের ধারণা, বিক্রি করা বইয়ের পরিমাণ ১০ থেকে ১২ হাজার কেজি হতে পারে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পুরাতন বই বিক্রির প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ্যে না আসা, নিলাম কমিটির সদস্যদের অন্ধকারে রাখা এবং সরকারি গোডাউন থেকে সাপ্তাহিক ছুটির দিন ভোরে বই সরিয়ে নেওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। এ ছাড়া বিক্রির পরিমাণ নিয়েও রয়েছে ভিন্ন তথ্য।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২১ নভেম্বর) সকাল সাতটার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবহৃত গোডাউন থেকে একটি ট্রাকে পুরাতন বই তোলা হচ্ছিল। এ সময় স্থানীয় এক ব্যক্তি বই সরানোর কারণ জানতে চাইলে উপস্থিত ক্রেতা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এমনকি ভিডিও ধারণ না করার অনুরোধ জানিয়ে তাঁকে অর্থ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয় বলে জানা গেছে।
ছুটির দিন ভোরে সরকারি গোডাউন থেকে বই সরানো এবং ভিডিও ধারণে বাধা দেওয়ার অভিযোগে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।
ঘটনার পরদিন রোববার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেনকে পাওয়া যায়নি। এ সময় কার্যালয়ের হিসাবরক্ষক রাধিকা রানী দাস জানান, পুরাতন বই নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। তবে নিলাম কবে অনুষ্ঠিত হয়েছে, কত টাকা কেজি দরে বই বিক্রি হয়েছে এবং ক্রেতা কে—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি তিনি। সব নথি শিক্ষা কর্মকর্তার কাছে রয়েছে জানিয়ে মঙ্গলবার তাঁর উপস্থিতিতে বিস্তারিত জানা যাবে বলে জানান।
পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘সবই আছে ভাই, সামান্য কিছু বই বিক্রি করা হয়েছে। এগুলো পচা কাজ।’ ছুটির দিন সকালে বই সরিয়ে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সকালে বই নেওয়ার কারণটা হলো ওরা যাতে করে যানজটটা কভার করতে পারে।’
তবে মঙ্গলবার (২৪ নভেম্বর) কার্যালয়ে গিয়ে নিলামের বিজ্ঞপ্তি, নিলাম কমিটির সদস্যদের তালিকা এবং বিক্রি করা বইয়ের হিসাব জানতে চাইলে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘এসব তথ্য নিতে হলে তথ্য অধিকার আইনে আবেদন করে নিতে হবে।’
অনুসন্ধানে জানা যায়, পুরাতন বই বিক্রির জন্য গত ১৫ অক্টোবর একটি সভার মাধ্যমে তিন সদস্যের নিলাম কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামানকে। সদস্য হিসেবে রাখা হয় চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং সোহাগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত বণিককে।
পরে ১৮ অক্টোবর নিলাম অনুষ্ঠিত হলে চারটি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১৭ টাকা কেজি দরে সর্বোচ্চ দরদাতা হিসেবে ‘মেসার্স ভাই ভাই পেপার হাউজ’-এর স্বত্বাধিকারী চান মিয়াকে নির্বাচিত করা হয়। এরপর ২ নভেম্বর তাঁকে কার্যাদেশ দেওয়া হয়।
কার্যাদেশ দেওয়ার ১৯ দিন পর গত শনিবার সকাল সাতটার দিকে কোনো প্রকাশ্য ঘোষণা ছাড়াই গোডাউন থেকে বই সরিয়ে নেওয়া হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক রাধিকা রানী দাস ও অফিস সহায়ক সোহরাব উদ্দিন উপস্থিত ছিলেন।
নিলাম কমিটির সদস্য চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও সোহাগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত বণিকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, তাঁদের শুধু নামমাত্র কমিটিতে রাখা হয়েছিল। নিলাম কখন অনুষ্ঠিত হয়েছে কিংবা কারা এতে অংশ নিয়েছেন, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না। এমনকি পুরাতন বই ওজন বা পরিমাপের সময়ও তাঁদের উপস্থিত রাখা হয়নি। কোটেশনের মাধ্যমে ১৭ টাকা কেজি দরে ১ হাজার ৫০০ কেজি বই বিক্রির বিষয়টি তাঁরা জানতে পেরেছেন।
নিলাম কমিটির আহ্বায়ক উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বই পরিমাপের সময় তিনি একবার উপস্থিত ছিলেন। তবে পরিমাপের পুরো সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক ও অফিস সহায়ক উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, সরকারি নির্ধারিত দর অনুযায়ী নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে কেজি দরে পুরাতন বই বিক্রির জন্য তিন সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। এ বিষয়ে বিস্তারিত তথ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে পাওয়া যাবে।
এদিকে পুরো প্রক্রিয়া নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে কয়েকটি প্রশ্ন দেখা দিয়েছে। নিলাম প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়মমাফিক হয়ে থাকলে নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়নি কেন? কার্যাদেশ দেওয়ার পরও অফিস চলাকালে বই হস্তান্তর না করে সাপ্তাহিক ছুটির দিন ভোরে কেন সরানো হলো? নিলাম কমিটির সদস্যরাই যদি নিলামের দিনক্ষণ ও কার্যক্রম সম্পর্কে অবগত না থাকেন, তাহলে প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হলো কীভাবে?
এ ছাড়া সরকারি সম্পদ বিক্রির বিষয়ে তথ্য জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্য অধিকার আইনে আবেদনের পরামর্শ দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার ঘটনাও নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। বই বিক্রির প্রকৃত পরিমাণ ও নিলাম প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
১১৪ বার পড়া হয়েছে