সর্বশেষ

জাতীয়

নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনের কার্যক্রমের উদ্বোধন, ১০ দফা সুপারিশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে সরকারের কাছে ১০ দফা সুপারিশ তুলে ধরেছে নারী অধিকার ও উন্নয়ন নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন। সুপারিশে নারী নির্যাতনের অভিযোগ দ্রুত তদন্ত ও বিচার, ভুক্তভোগীদের নিরাপত্তা ও পুনর্বাসন, কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধ এবং অনলাইনভিত্তিক সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা ও নির্যাতন বন্ধ, নারীর মানবাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) নারী উন্নয়ন শক্তি (এনইউএস) এবং ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেটের (ওয়াইডব্লিউডিআরসি) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনইউএস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে সহযোগিতা করে ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, গ্লোবাল ওয়ার্কফোর্স সার্ভিসেস, শিলিডস, ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও উইমেন এন্টারপ্রেনার্স ফোরাম বাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। ‘বাংলাদেশে নারী নির্যাতনের বর্তমান অবস্থা ও প্রতিকারের উপায়’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেটের নির্বাহী চেয়ারপারসন নুসরাত সুলতানা আফরোজ।

এতে বক্তব্য দেন শিলিডসের যুগ্ম সম্পাদক সেলিনা আখতার, সংগীতশিল্পী সম্পি জামান, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. সুলতান মুহাম্মদ রাজ্জাক এবং গ্লোবাল ওয়ার্কফোর্স সার্ভিসেসের ব্যবস্থাপক আব্দুল মোমিন। এ ছাড়া ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রচার সম্পাদকসহ বিভিন্ন নারী অধিকার, মানবাধিকার, উন্নয়ন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নারী নির্যাতন কেবল সামাজিক সমস্যা নয়, এটি নারীর মৌলিক মানবাধিকার, মর্যাদা, নিরাপত্তা ও সমঅধিকারের ওপর সরাসরি আঘাত। ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, যৌতুক, মানবপাচার, কর্মক্ষেত্রে নির্যাতন এবং অনলাইনভিত্তিক যৌন হয়রানিসহ বিভিন্ন ধরনের সহিংসতা বন্ধে পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে।

তাঁরা আরও বলেন, শুধু আইন প্রণয়ন করলেই নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয়। আইনের যথাযথ প্রয়োগ, দ্রুত তদন্ত ও বিচার, ভুক্তভোগীর নিরাপত্তা, চিকিৎসা, মানসিক ও আইনি সহায়তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিষয়ে সামাজিক নীরবতা ও গ্রহণযোগ্যতার মানসিকতা দূর করা জরুরি।

অনুষ্ঠান থেকে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে ১০ দফা সুপারিশ তুলে ধরা হয়।

সুপারিশগুলোর মধ্যে রয়েছে, নারী নির্যাতনের প্রতিটি অভিযোগ দ্রুত গ্রহণ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা। থানায় অভিযোগ গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি, হয়রানি বা অনীহা বরদাশত না করার আহ্বান জানানো হয়।

ধর্ষণ ও যৌন সহিংসতার মামলায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসা পরীক্ষা, ডিএনএ পরীক্ষা এবং অন্যান্য বৈজ্ঞানিক আলামত দ্রুত সংগ্রহ ও সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

নির্যাতনের শিকার নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ আশ্রয়, চিকিৎসা, আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন মামলার তদন্ত, অভিযোগপত্র, বিচার এবং রায়ের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য কার্যকর মামলা পর্যবেক্ষণ ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারসংশ্লিষ্ট কর্মকর্তাদের লিঙ্গসংবেদনশীল এবং ভুক্তভোগীবান্ধব প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবও রয়েছে। এতে নির্যাতনের শিকার ব্যক্তির মর্যাদা, গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁকে দোষারোপ করার প্রবণতা বন্ধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ১০৯ জাতীয় হেল্পলাইনসহ নারী ও শিশু সহায়তা সেবার প্রচার ও কার্যকারিতা বাড়ানোর সুপারিশ করা হয়। গ্রাম থেকে শহর পর্যন্ত নারী ও কন্যাশিশু যেন সহজেই সহায়তা পাওয়ার উপায় জানতে পারেন, সে জন্য জাতীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের কথা বলা হয়েছে।

কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন ও জনপরিসরে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে অভিযোগ গ্রহণ, তদন্ত ও প্রতিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অনলাইন ও প্রযুক্তিনির্ভর নারী নির্যাতন বন্ধেও বিশেষ উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অনলাইনে অনুসরণ করে হয়রানি, যৌন হয়রানি, ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়া এবং ব্ল্যাকমেইলের বিরুদ্ধে দ্রুত অভিযোগ গ্রহণ ও প্রতিকার নিশ্চিত করা।

বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি বৈষম্য এবং সহিংসতাকে স্বাভাবিক হিসেবে দেখার সামাজিক মানসিকতা পরিবর্তনে দীর্ঘমেয়াদি শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, পুরুষ এবং কিশোরদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

১০ দফা সুপারিশের শেষটিতে সরকার, নাগরিক সমাজ ও নারী সংগঠনগুলোর মধ্যে শক্তিশালী সমন্বয় গড়ে তোলার কথা বলা হয়েছে। মাঠপর্যায়ের নারী সংগঠন ও নাগরিক সমাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ, সেবা-সংযোগ, নীতিগত উদ্যোগ এবং জবাবদিহি নিশ্চিত করার সুপারিশ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধ শুধু নারীদের বিষয় নয়, এটি সমগ্র সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। নারীর নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।

নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, অপরাধীদের দায়মুক্তির সুযোগ বন্ধ করা এবং নির্যাতনের শিকার নারী ও কন্যাশিশুর পাশে দাঁড়াতে সরকার, নাগরিক সমাজ, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান বক্তারা।

‘নির্যাতন নয়, নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত হোক, ন্যায়বিচার নিশ্চিত হোক, দায়মুক্তির অবসান হোক’—এই প্রত্যয় নিয়ে নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনের কার্যক্রম সফল করার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০