গোপালগঞ্জে ৬ ইউনিয়নের বাসিন্দাদের বিক্ষোভ, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ছয় ইউনিয়নের বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন। একই দিন উপজেলার সাতপাড়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার বিকেলে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার গান্ধিয়াশুর বাসস্ট্যান্ডে বৌলতলী, সাতপাড়, সাহাপুর, উলপুর, সিংগা ও করপাড়া ইউনিয়নের বাসিন্দারা জড়ো হন। তাঁদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার গান্ধিয়াশুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। আয়োজকদের দাবি, মিছিল ও সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা বক্তব্য দেন। এ সময় বক্তারা নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানান। পাশাপাশি আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা।
অন্যদিকে, বুধবার গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা শাখাটির চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে।
তবে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার ঘটনায় কারা জড়িত, কী কারণে এ হামলা হয়েছে কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
১০৮ বার পড়া হয়েছে