গাজীপুরে শ্রমিকদের হামলায় আনসার বাহিনীর ৯ সদস্য আহত
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরের সালনায় পোশাকশ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধের সময় দায়িত্ব পালনরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বাহিনীর তিন কর্মকর্তা ও ছয় সদস্যসহ মোট ৯ জন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন চলাকালে এ ঘটনা ঘটে।
গাজীপুরের সালনায় পোশাকশ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধের সময় দায়িত্ব পালনরত আনসার ব্যাটালিয়নের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বাহিনীর তিন কর্মকর্তা ও ছয় সদস্য আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকেরা আন্দোলন শুরু করেন। এ সময় জননিরাপত্তা নিশ্চিত করা, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছিল আনসার ব্যাটালিয়নের একটি টহল দল। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, রনি ও আরাফাত, সিপাহি মহসিন, সিপাহি মাসুম শেখ, হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আ. রহিম, ল্যান্স নায়েক আবদুল হান্নান এবং নায়েক শাহাদাৎ হোসেন।
ঘটনার পর আহত ব্যক্তিদের দ্রুত আনসার ও ভিডিপি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের কাঁধ, হাত ও পায়ে আঘাত লেগেছে। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।
এদিকে দায়িত্ব পালনকালে আহত কর্মকর্তা ও সদস্যদের সুচিকিৎসা, কল্যাণ এবং সার্বিক দেখভাল নিশ্চিত করতে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ও আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল আনসার-ভিডিপি হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান। এ সময় তিনি তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরিচর্যা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, শিল্পাঞ্চলের নিরাপত্তা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে আসছে।
বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিকূল পরিস্থিতিতেও সদস্যরা সাহসিকতা, শৃঙ্খলা ও পেশাদারত্বের সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালন করতে গিয়ে আহত সদস্যদের নিরাপত্তা, চিকিৎসা, কল্যাণ ও সার্বিক সুরক্ষা নিশ্চিত করাকে বাহিনী প্রাতিষ্ঠানিক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে।
১২০ বার পড়া হয়েছে