সর্বশেষ

সারাদেশ

মোংলায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীর আদালতে জবানবন্দি

রেজা মাসুদ, মোংলা
রেজা মাসুদ, মোংলা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় বিনিয়োগ করা ২ কোটি ১১ লাখ ২৯ হাজার ৮৪৩ টাকা এবং লভ্যাংশের হিসাব না দেওয়ার অভিযোগ উঠেছে সিম্যান্টেক লিমিটেডের সংশ্লিষ্ট পাঁচজনের বিরুদ্ধে। পাওনা টাকা ও লভ্যাংশ চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. কামরুল হাসান চৌধুরী। এ ঘটনায় গত ২৩ নভেম্বর ২০২৬ আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি।

জবানবন্দি প্রদানকারী মো. কামরুল হাসান চৌধুরীর বয়স ৩৩ বছর। তিনি মোংলার বাতেন সড়ক এলাকার বাসিন্দা এবং মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

জবানবন্দির বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২৯ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ মে পর্যন্ত এ ঘটনার সূত্রপাত ও পরবর্তী বিরোধের বিষয়টি উঠে এসেছে। ঘটনাস্থল হিসেবে মোংলা ইপিজেড-সংলগ্ন একটি ক্যাম্পের কথা উল্লেখ করা হয়েছে।

জবানবন্দিতে কামরুল হাসান চৌধুরী জানান, ২০২৪ সালের ২৯ আগস্ট একটি চুক্তিপত্র (ডিড) সম্পাদন করা হয়। ওই চুক্তিপত্রের নিবন্ধন নম্বর ০৯। এতে তিনি এবং ১, ২ ও ৪ নম্বর আসামি স্বাক্ষর করেন। অন্যদিকে ৫ নম্বর আসামি ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও মুঠোফোনে সম্মতি জানান।

পরবর্তী সময়ে বিষয়টি মীমাংসার জন্য আসামিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা দীর্ঘদিন ধরে তাঁকে ঘোরাতে থাকেন বলে অভিযোগ করেন কামরুল চৌধুরী। একপর্যায়ে ২০২৬ সালের ৩০ মে সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে আসামিরা ঘটনাস্থলে উপস্থিত হন।


জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, ওই সময় সাক্ষীদের উপস্থিতিতে নিজের বিনিয়োগ করা ২ কোটি ১১ লাখ ২৯ হাজার ৮৪৩ টাকা এবং চুক্তি অনুযায়ী প্রাপ্য লভ্যাংশের হিসাব চান তিনি। তবে আসামিরা টাকা ফেরত দিতে কিংবা বিনিয়োগের হিসাব দিতে অস্বীকৃতি জানান।

এ সময় প্রকল্পের অর্থ বিনিয়োগ নিয়ে মামলা করলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ী কামরুল হাসান চৌধুরী। পরে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করেন।

জবানবন্দিতে তিনি আরও জানান, বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসার একাধিক চেষ্টা করেও সফল হননি। এ কারণে আদালতে মামলা দায়ের করতে তাঁর বিলম্ব হয়েছে।

এ ঘটনায় সিম্যান্টেক লিমিটেডের সংশ্লিষ্ট পাঁচজনকে আসামি করা হয়েছে। জবানবন্দির মাধ্যমে ব্যবসায়ী কামরুল হাসান চৌধুরী তাঁর বিনিয়োগের অর্থ ও লভ্যাংশের হিসাব ফিরে পাওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০