সর্বশেষ

সারাদেশ

নওয়াপাড়া বন্দরে ৫৪ লাখ টাকার সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ

শিকদার খালিদ, যশোর
শিকদার খালিদ, যশোর

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যের চোরাই সরকারি গমসহ একটি কার্গো জাহাজ জব্দ করেছে এসআরবি। এ ঘটনায় জাহাজের সাতজন কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে গম খালাসের সঙ্গে জড়িত মূল ব্যক্তিকে সমঝোতার মাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরে অভিযান চালিয়ে ১৫০ টন চোরাই সরকারি গমসহ একটি কার্গো জাহাজ জব্দ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বন্দরের বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু।

এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৩টার দিকে বাগেরহাটের মোংলার হারবারিয়া থেকে ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ নওয়াপাড়া নৌবন্দরে আসে। পরে জাহাজটি বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০টার দিকে মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন এমভি সূর্য্যবানু-১১ নামের কার্গো জাহাজটিতে অভিযান চালানো হয়। এ সময় জাহাজ থেকে ৩৮০ বস্তায় রাখা ১৫০ টন গম উদ্ধার করা হয়। পরে গমসহ জাহাজটি জব্দ করা হয়। উদ্ধার করা গমের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা।

অভিযানকালে জাহাজের দুই সুকানিসহ সাতজনকে আটক করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জাহাজের সুকানি মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুজ্জামান শেখের ছেলে আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের পিকুল মোল্লার ছেলে মো. হায়াতুল ইসলাম, জয়দেবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে নয়ন, নোয়াখালীর মাইজদী উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের খলিল মিয়ার ছেলে রায়হান উদ্দিন, নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে খালিদ হাসান এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার চান্দেরবাড়ি গ্রামের জলিল হকের ছেলে হাসান ইসলাম।

এদিকে, গম খালাসের সঙ্গে জড়িত মূল হোতাকে দফারফার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০