রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড, সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর শাখা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে রাজশাহী নগরের আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি গণকপাড়া মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
রাজশাহী মহানগরী জামায়াতের আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের পরিবর্তে বিএনপি রাজনৈতিক পরকীয়ায় লিপ্ত হচ্ছে বলে মন্তব্য করেন তাঁরা।
বক্তারা বলেন, রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতাকেন্দ্রিক কর্মকাণ্ডের পরিবর্তে জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। দেশের শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনসচেতনতা তৈরির পাশাপাশি গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সূরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, আ.স.ম. মামুন শাহীন, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ এবং মহানগর শিল্প ও বাণিজ্যবিষয়ক সেক্রেটারি সারোয়ার জাহান প্রিন্সসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
১০৭ বার পড়া হয়েছে