মুন্সীগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে ব্যবস্থাপনা কমিটির সভা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল সংকট নিরসন ও হাসপাতালের পরিবেশ উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি হাসপাতাল চত্বর দালালমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে আলোচনা হয়েছে।
মুন্সীগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফাহমিদা লস্কর।
এ ছাড়া জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা সভায় অংশ নেন।
সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবার মান উন্নয়ন, চিকিৎসক ও নার্সের সংকট এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) প্রয়োজনীয় জনবল সংকট নিরসনের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নতুন ভবনের অস্ত্রোপচার কক্ষের (ওটি) ত্রুটি সংস্কার করে দ্রুত চালু করা, মূল ভবন ও নালা সংস্কার এবং হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা নিরসনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
হাসপাতালের নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা মেরামত, আনসার সদস্য মোতায়েন এবং রাতে পুলিশি টহল বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে। একই সঙ্গে হাসপাতালের ভেতরে ভুয়া সাংবাদিক পরিচয়ে ও স্থানীয় কিছু ব্যক্তির অনৈতিক সুবিধা গ্রহণ বন্ধ করার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় সংসদ সদস্য ও জেলা প্রশাসক হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন, সুন্দর ও রোগীবান্ধব রাখতে প্রতি মাসে নিয়মিত ব্যবস্থাপনা কমিটির সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী হাসপাতাল চত্বর সম্পূর্ণ দালালমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া হাসপাতালের ভেতরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদেও প্রশাসন সহযোগিতা করবে বলে জানান তিনি।
সভায় হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের মাধ্যমে চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
১১৭ বার পড়া হয়েছে