ঠাকুরগাঁওয়ে অর্থনৈতিক শুমারি ও ব্যবসা নিবন্ধন নিয়ে সেমিনার
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের প্রকৃত চিত্র তুলে ধরতে নির্ভরযোগ্য পরিসংখ্যানের গুরুত্ব নিয়ে ঠাকুরগাঁওয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত ফলাফল এবং বাংলাদেশ পরিসংখ্যানভিত্তিক ব্যবসা নিবন্ধন (বিএসবিআর) নিয়ে আলোচনা করা হয়।
দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা নিরূপণ, বিভিন্ন খাতের অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরে ঠাকুরগাঁওয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।
বুধবার দুপুরে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌস এবং জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক ফয়সাল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সেমিনারে অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত ফলাফল, শুমারির আওতাভুক্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টারের (বিএসবিআর) উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ফয়সাল হাসান।
উপস্থাপনায় তিনি অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃত চিত্র নির্ধারণে শুমারির তথ্যের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের তথ্য সংরক্ষণে সমন্বিত পরিসংখ্যানভিত্তিক নিবন্ধনব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানা, বিভিন্ন খাতের অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণের জন্য নির্ভুল ও নির্ভরযোগ্য পরিসংখ্যান অপরিহার্য। অর্থনৈতিক শুমারির মাধ্যমে পাওয়া তথ্য ব্যবসা-বাণিজ্য, শিল্পপ্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সামগ্রিক চিত্র তুলে ধরতে সহায়তা করে।
তাঁরা আরও বলেন, এসব তথ্য যথাযথভাবে বিশ্লেষণ ও কাজে লাগানো গেলে জাতীয় ও স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন সহজ হবে। একই সঙ্গে বিভিন্ন খাতের অর্থনৈতিক সম্ভাবনা চিহ্নিত করতেও সহায়ক হবে।
বক্তারা জানান, বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার ব্যবসাপ্রতিষ্ঠান ও অর্থনৈতিক ইউনিটগুলোর তথ্য একটি সুসংগঠিত কাঠামোর আওতায় সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সেমিনারে অর্থনৈতিক শুমারির ফলাফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, পরিসংখ্যানের ব্যবহারিক প্রয়োগ বাড়ানো এবং উন্নয়ন পরিকল্পনায় তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
১১৮ বার পড়া হয়েছে