তাহলে কি শেখ হাসিনার মাধ্যমে তারা দেশ দখল করতে চায়: প্রিন্সের প্রশ্ন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর উচ্চবিদ্যালয় মাঠে কৈচাপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সম্মেলনে তিনি বলেন, পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। অন্যদিকে শেখ হাসিনার মুখপাত্র জানিয়েছেন, তিনি একই দিনে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান। পশ্চিমবঙ্গের মন্ত্রীর বক্তব্য, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং এ সময়কে ঘিরে আওয়ামী লীগের নাশকতার অপচেষ্টাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।
প্রিন্স প্রশ্ন তুলে বলেন, তাহলে কি শেখ হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশ দখল করতে চায়?
তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন। এটি কোনো বিদেশি শক্তি কিংবা তাদের সহযোগীদের আধিপত্য বিস্তারের দিন নয়। বিজয় দিবসের মর্যাদা ক্ষুণ্ন করার যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে।
পশ্চিমবঙ্গের মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারত সরকারের কাছে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ শত্রুতা নয়, বন্ধুত্ব চায়। তবে সেই বন্ধুত্ব হতে হবে সমতা, পারস্পরিক মর্যাদা, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। যে স্বার্থবাদী ও ক্ষমতালোভী নেতৃত্ব তাঁদের বিপদের মুখে ফেলে বিদেশে পালিয়ে গেছে, তাদের নির্দেশে আবারও আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ বিপন্ন করা ঠিক হবে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র স্বার্থ ভুলে বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য জোরদার ও দৃশ্যমান করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মহান বিজয় দিবস ঘিরে যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও অন্তর্ঘাতের চেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান।
কৈচাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব নুরুল ইসলাম।
সম্মেলনে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, উপজেলা বিএনপি নেতা রেজাউল আহসান, আবুল কালাম আজাদ, আলী মাহমুদ, ইফতার রসুল খোকন, তারিকুল ইসলাম চঞ্চল, রফিকুল ইসলাম, রুহুল আমিন খান, আব্দুল হান্নান, আবুল কাশেম ও নূরে আলম জনিসহ অনেকে।
১১৯ বার পড়া হয়েছে