সর্বশেষ

আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৬ দেশে নতুন শুল্কের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: রয়টার্স

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশগুলোতে চাহিদার তুলনায় অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা রয়েছে—এমন অভিযোগে বিশেষ তদন্ত শেষ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। তদন্তের ফলাফলের ভিত্তিতে নতুন শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির ব্যয় আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে অথবা বাংলাদেশ সময় বুধবার রাতে তদন্তের ফলাফল প্রকাশ করা হতে পারে। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে ট্রাম্প প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে এসব দেশ থেকে আমদানি করা বিভিন্ন পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি চলছে। তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে চীন, ভারত, জাপানসহ বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি অর্থনৈতিক অংশীদার।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকে কার্যকর থাকা শুল্কের সঙ্গে এই নতুন শুল্ক যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা কিছু শুল্ক বাতিল করেন। ওই শুল্কের আংশিক বিকল্প হিসেবে নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির প্রভাবে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বেড়েছে। গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের পরিচালিত এক জনমত জরিপে দেখা যায়, ৬২ শতাংশ উত্তরদাতা এসব শুল্ক বাতিলের উদ্যোগকে সমর্থন করবেন।

নতুন করে কী পরিমাণ শুল্ক আরোপ করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের একজন জানিয়েছেন, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কের হার নির্ধারণ করা হতে পারে। এ ক্ষেত্রে মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারার আওতায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে তদন্ত করছে ইউএসটিআর। দেশগুলোতে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে এই তদন্ত শুরু করেছিল সংস্থাটি।

সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, বিভিন্ন দেশের সঙ্গে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তিতে শুল্কের যে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে, নতুন শুল্ক আরোপের ক্ষেত্রেও হোয়াইট হাউস তা অনুসরণ করতে পারে। এসব চুক্তি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্ক আরোপের সীমা রয়েছে।

চীনের পণ্যের ক্ষেত্রে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপিত শুল্কের সর্বোচ্চ হার ২০ শতাংশে সীমাবদ্ধ রাখার কথা রয়েছে। তবে আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সমঝোতার মেয়াদ বাড়ানো হলে এই সীমা কার্যকর থাকবে। সমঝোতার মেয়াদ শেষ হলে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে শুল্কের হার আরও বাড়তে পারে।

এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলেও কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ও হোয়াইট হাউস।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাস মনে করেন, তদন্তের বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হতে পারে। এতে ১৬টি বাণিজ্যিক অংশীদারের জন্য পৃথকভাবে শুল্ক আরোপের সুপারিশ থাকতে পারে।

আইনজীবী প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যালডিংয়ের এই অংশীদারের মতে, যেসব দেশের বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে মনে করা হচ্ছে, সেসব দেশ থেকে আমদানি করা পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন।

জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ না করার অভিযোগে পৃথক তদন্তের আওতায় আগে থেকেই আরোপ করা ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হতে পারে।

তবে ট্রাম্প প্রশাসন চাইলে তুলনামূলক কম হারে শুল্ক আরোপের প্রস্তাবও দিতে পারে বলে মনে করেন মাজেরাস। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোকে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমানোর শর্ত দেওয়া হতে পারে। শর্ত পূরণে ব্যর্থ হলে ধাপে ধাপে শুল্কের হার বাড়ানোর ব্যবস্থা রাখা হতে পারে।

অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তের তালিকায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নও রয়েছে এই তালিকায়।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, চলতি সপ্তাহের মধ্যেই তদন্তের ফলাফল প্রকাশ করা হতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না, তা নিয়েও পৃথক তদন্ত শুরু করে সংস্থাটি।

এই দুই তদন্তের মাধ্যমে ট্রাম্প প্রশাসন তাঁর ‘লিবারেশন ডে’ উপলক্ষে বিশ্বজুড়ে আরোপ করা শুল্ক পুনর্বহাল করতে চায়। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওই শুল্ক বাতিল করেছিলেন।

অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার ক্ষেত্রে চীনকে সবচেয়ে বড় দায়ী হিসেবে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের অভিযোগ, চীন প্রয়োজনের তুলনায় বেশি ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি যন্ত্রপাতি ও সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট পণ্য উৎপাদন করে বিশ্ববাজারে সরবরাহ করছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের সরবরাহ বেড়ে যাচ্ছে এবং প্রতিযোগিতায় ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের দাবি, তাদের রপ্তানি সক্ষমতার পেছনে রয়েছে প্রতিযোগিতামূলক সুবিধা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে চীনের বিনিয়োগও যুক্তরাষ্ট্রের তদন্তের অন্যতম লক্ষ্য। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো দেশে কারখানা স্থাপন করে চীনা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের বাজারের জন্য পণ্য তৈরি করছে। এর মাধ্যমে আগের মার্কিন শুল্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মনে করে ওয়াশিংটন।

আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সমঝোতা অনুযায়ী, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যে আরোপিত শুল্কের হার সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রাখার কথা রয়েছে। এর বাইরে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কও বহাল রয়েছে।

এদিকে চীন থেকে আমদানি করা সব পণ্যে জোরপূর্বক শ্রমবিরোধী শুল্ক হিসেবে ইতিমধ্যে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে ২০ শতাংশের নির্ধারিত সীমায় পৌঁছাতে শুল্ক বাড়ানোর সুযোগ রয়েছে আর মাত্র ৭ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশের জন্য নতুন শুল্ক আরোপের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে শুল্ক কার্যকর হলে রপ্তানিকারকদের ব্যয় বাড়তে পারে। একই সঙ্গে দেশটির বাজারে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতার ওপরও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০