সর্বশেষ

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, সৌদিতে ড্রোন প্রতিহত; হরমুজে জাহাজে হামলা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলে দুটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করার কথা জানিয়েছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। এর আগে রাজধানী রিয়াদে ড্রোন হামলায় ১১ জন আহত হন। অন্যদিকে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে একটি জাহাজ সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। একই সময়ে ইয়েমেনের হোদেইদা বন্দরের আশপাশের এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কতা জারি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যে নতুন করে সামরিক তৎপরতা বেড়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলে দুটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার পাশাপাশি হরমুজ প্রণালির দক্ষিণ অংশে একটি জাহাজে হামলার তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৪ নভেম্বর) হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে নিয়ম লঙ্ঘনকারী একটি জাহাজে হামলার কথা জানায় আইআরজিসির নৌবাহিনী।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, জাহাজটি খাসাব বন্দরের উত্তরে হরমুজ প্রণালির দক্ষিণ অংশ দিয়ে একটি অননুমোদিত নৌপথে চলাচল করছিল। এ সময় সামুদ্রিক মাইনের আঘাতে জাহাজটি থেমে যায়।

জাহাজের মালিক ও ক্যাপ্টেনদের সতর্ক করে আইআরজিসির নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালিতে নিরাপদে চলাচলের জন্য সামুদ্রিক নিরাপত্তাবিধি মেনে চলতে হবে। একই সঙ্গে অনুমোদিত নৌপথ ব্যবহার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত এবং ইরানি বন্দরগুলোতে ওয়াশিংটনের নৌ-অবরোধের মধ্যে অননুমোদিত নৌপথ ব্যবহার করতে গিয়ে একাধিক তেলবাহী জাহাজ সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালি। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়।

এদিকে বুধবার (২৫ নভেম্বর) ভোরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে দুটি ড্রোন শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। তবে ড্রোন ধ্বংসের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা উল্লেখ করেননি তিনি।

এর আগে মঙ্গলবার সৌদি রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি বহুতল ভবনে ড্রোন হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, এতে ১১ জন আহত হয়েছেন।

এই হামলার জন্য ইয়েমেনের হুতি গোষ্ঠীকে দায়ী করেছেন তুর্কি আল-মালিকি। একই সঙ্গে এ ধরনের হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে হুতি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর আগে হুতিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে।

২০১৫ সাল থেকে ইয়েমেনের সরকারকে সমর্থন দিয়ে হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে হুতিরা।

এ পরিস্থিতিতে ইয়েমেনের হোদেইদা বন্দরের আশপাশের এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার ভোরে নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে এ সতর্কতা জারি করা হয়।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যৌথ বাহিনীর কমান্ডের পক্ষ থেকে দেওয়া সতর্কবার্তা প্রকাশ করেন। সেখানে একটি মানচিত্রও যুক্ত করা হয়। মানচিত্রে লাল রঙের মাধ্যমে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য নির্ধারিত এলাকা চিহ্নিত করা হয়েছে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে ড্রোন হামলার পর হোদেইদা বন্দর এলাকায় এই সতর্কতা জারি করা হয়। হামলার জন্য হুতি গোষ্ঠীকে দায়ী করে তুর্কি আল-মালিকি অভিযোগ করেন, গোষ্ঠীটি পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিক ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।

উল্লেখ্য, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের একই এলাকায় কোনো বহুতল ভবনে এটি দ্বিতীয় হামলার ঘটনা। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবারও হুতিদের হামলায় ওই এলাকার একটি বহুতল ভবনের কয়েকটি তলা এবং আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০