১০ ডিসেম্বর থেকে স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৯:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
মহান বিজয় দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ১০ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত নির্দিষ্ট সময়ে স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবেন না সাধারণ দর্শনার্থীরা।
মহান বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতি ও স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের দেওয়া এক তথ্যবিবরণীতে এ নির্দেশনার কথা জানানো হয়।
তথ্যবিবরণীতে বলা হয়েছে, বিজয় দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ সময়ে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলবে।
এ ছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সকালে স্মৃতিসৌধে রাষ্ট্রীয় কর্মসূচি পালন করা হবে। এদিন ভোরে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ মানুষকে সেখানে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
১৩৮ বার পড়া হয়েছে