গোপালগঞ্জে ট্রেন ও দুই থানা চালুতে দেরি, স্থগিত সরকারি বরাদ্দ
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৮:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
নিরাপত্তাঝুঁকির কারণে গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল এবং পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম শিগগিরই চালু হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব সেবা চালুর সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় গোপালগঞ্জের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তৃতীয় কিস্তির বরাদ্দও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নাশকতার আশঙ্কায় আপাতত গোপালগঞ্জে ট্রেন চলাচল চালুর বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম পুনরায় চালুর জন্য স্থানীয় বাসিন্দারা অনুরোধ জানাচ্ছেন। তবে থানা দুটির কার্যক্রম স্বাভাবিক করতে আরও সময় প্রয়োজন। বর্তমানে থানা দুটির কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালনা করা হচ্ছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে পুড়ে যাওয়া থানা দুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে সরকারের একাধিক সূত্র জানিয়েছে, গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সারা দেশে সাধারণত চার কিস্তিতে অর্থসহায়তা দেওয়া হয়। তবে গোপালগঞ্জের এসব প্রতিষ্ঠানের জন্য জানুয়ারি থেকে মার্চ সময়ের তৃতীয় কিস্তির অর্থ ছাড় না করার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব। পুড়ে যাওয়া দুই থানার পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত আছেন। তবে কবে নাগাদ থানা দুটির কার্যক্রম আবার চালু হবে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির জানান, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এ জন্য কিছুটা সময় লাগবে। ট্রেন চলাচলও এখনো বন্ধ রয়েছে। এ সেবা চালু হতেও সময় প্রয়োজন হবে।
ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা
গোপালগঞ্জে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অনেকেই বাসের তুলনায় ট্রেনে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশেষ করে ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে ট্রেনে সময় ও খরচ দুটিই কম লাগে। এ কারণে ট্রেন চলাচল পুনরায় চালুর জন্য স্থানীয় কয়েকজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছেন।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গোপালগঞ্জে ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে রেলপথ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত ট্রেন চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে আবারও হামলা ও ভাঙচুরের আশঙ্কা করছেন তাঁরা। এতে এলাকার পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠতে পারে।
এ কারণে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল ও বন্ধ থাকা থানাগুলোর কার্যক্রম চালুর সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
১৫৩ বার পড়া হয়েছে