২৪ ঘণ্টায় হাম বা উপসর্গে এক জনেরও মৃত্যু হয়নি!
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ আট মাস পর দেশে প্রথমবারের মতো হামে আক্রান্ত হয়ে কিংবা হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে নতুন করে ১ হাজার ৪১৭ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
দেশে দীর্ঘ আট মাস পর হামে মৃত্যুশূন্য দিন পার হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর তথ্য নথিভুক্ত করেনি স্বাস্থ্য অধিদপ্তর। তবে নতুন করে ১ হাজার ৪১৭ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ পাওয়া গেছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৭ জনের।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া ১ হাজার ৩২১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত বা সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪১৭ জন।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জনে।
দীর্ঘ সময় পর হাম ও হামের উপসর্গে মৃত্যুর ঘটনা না ঘটার বিষয়টি জনস্বাস্থ্যের জন্য স্বস্তির খবর হলেও নতুন রোগী শনাক্তের সংখ্যা পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরছে।
১০৬ বার পড়া হয়েছে