সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার: বিজিবি
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহের সীমান্ত এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বিতর্কিত বা পলাতক কোনো আসামি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাকে তাৎক্ষণিক গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহের সেক্টর কমান্ডার। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ২৪৩ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত পাহারায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
ময়মনসিংহ সেক্টর প্রধান কর্নেল নাসির উদ্দীন জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের অবৈধ পারাপার রোধে বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন। ময়মনসিংহ সেক্টরের অধীনস্থ ২৪৩ কিলোমিটার সীমান্ত পাহারায় তিনটি ব্যাটালিয়ন নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে।
সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নতুন করে সাজানো হয়েছে। সার্বক্ষণিক নজরদারি বাড়াতে বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, ড্রোন ও নাইট ভিশন ডিভাইস ব্যবহার করা হচ্ছে। আগামী দিনে আরও নতুন সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের কাজ চলছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকা বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। ডিজিএফআই ও এনএসআইসহ অন্যান্য বাহিনীর সাথে যৌথ সমন্বয়ে প্রতিটি খবর গুরুত্বের সাথে যাচাই করা হচ্ছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহে ১১টি ঘটনায় ১৪১ জনের পুশইন ব্যর্থ করে দিয়েছে বিজিবি। একই সাথে মানবপাচার ও মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে একাধিক আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
১১৩ বার পড়া হয়েছে