সর্বশেষ

মতামত

আটলান্টিকের ওপারে সুবাস ছড়াচ্ছে একটি নাম

ন.নাহার আনছারী
ন.নাহার আনছারী

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৭:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রের রাজপথে স্থান করে নিচ্ছে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম। মিশিগানের হ্যামট্রামিক শহরে তাঁর নামে সড়কের নামকরণ ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। অন্যদিকে শিকাগো শহরের একটি সড়কের নাম ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ রাখার প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রবাসের মাটিতে এই উদ্যোগগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, স্মৃতি ও আত্মপরিচয়ের সঙ্গে নতুন করে সংযোগ তৈরি করছে।

দূরদেশের দুটি শহরের সড়কে এখন উচ্চারিত হচ্ছে এক বাঙালি নারীর নাম, তিনি আর কেউ নন-
বধূ থেকে রাজনৈতিক ব‍্যক্তিত্ব প্রয়াত প্রধানমন্ত্রী এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। দেশের সীমানা পেরিয়ে তাঁর নাম স্থান করে নিচ্ছে প্রবাসের পথের নামফলকে। এর সঙ্গে জড়িয়ে আছে স্মৃতি, আবেগ, রাজনৈতিক ইতিহাস এবং শিকড়ের প্রতি এক গভীর টান। গত ৩০ ডিসেম্বর ২০২৫ ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাঁকে সমাহিত করা হয়। তাঁর প্রয়াণের প্রায় এক বছর পূর্ণ হতে চলেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের দুটি শহরে তাঁর নাম সড়কের সঙ্গে যুক্ত করার উদ্যোগ আলোচনায় এসেছে।

প্রথম খবরটি আসে জানুয়ারিতে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরের সিটি কাউন্সিল কারপেন্টার স্ট্রিটের একটি অংশের নাম পরিবর্তন করে ‘খালেদা জিয়া স্ট্রিট’ রাখার সিদ্ধান্ত অনুমোদন করে। জোসেফ ক্যাম্পাউ অ্যাভিনিউ ও কোনান্ট স্ট্রিটের মধ্যবর্তী সড়কাংশটির নামকরণে স্থানীয় বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহরটির সিটি কাউন্সিলে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চারজন কাউন্সিলর। বিএনপির মিডিয়া সেলও জানিয়েছে, তাঁদের উদ্যোগেই নামকরণের প্রস্তাবটি সামনে আসে। প্রবাসের মাটিতে একজন বাংলাদেশি নেত্রীর নামে সড়কের নামকরণ নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য এক আবেগঘন ঘটনা।

দ্বিতীয় খবরটি এসেছে শিকাগো থেকে। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। ২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর শিকাগো সিটি কাউন্সিলে ‘Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way’ নামে একটি সম্মানসূচক সড়ক নামকরণের প্রস্তাব উত্থাপিত হয়। প্রস্তাবটি শহরের বিখ্যাত উইলিস টাওয়ারের কাছাকাছি আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশের জন্য। ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড থেকে ওয়েস্ট অ্যাডামস স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এই সড়কাংশের নামকরণে সংশ্লিষ্ট কমিটি অনুমোদনের সুপারিশ করেছে। তবে পূর্ণাঙ্গ সিটি কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন এখনো বাকি। অর্থাৎ, শিকাগোর উদ্যোগটি আপাতত প্রস্তাব ও সুপারিশের পর্যায়ে রয়েছে।

শিকাগোর প্রস্তাবনায় একটি বিশেষ দিক দৃষ্টি আকর্ষণ করে। স্থানটি নির্বাচনের প্রসঙ্গে উঠে এসেছে বাংলাদেশি-আমেরিকান স্থপতি ও প্রকৌশলী ফজলুর রহমান খানের অবদানের কথা। শিকাগোর আকাশরেখা নির্মাণে তাঁর অসামান্য অবদান বিশ্বজুড়ে স্বীকৃত। একজন বাঙালির মেধা ও সৃজনশীলতায় সমৃদ্ধ শহরের স্থাপত্য এ ঐতিহ্যের পাশে আরেক বাঙালির নাম যুক্ত হওয়ার ভাবনাটির মধ্যে প্রবাসী পরিচয়ের এক নীরব গর্ব রয়েছে। দুজন মানুষ, দুই ভিন্ন পথের যাত্রী। একজন ইস্পাত, কংক্রিট ও স্থাপত্যশৈলীতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন; অন্যজন দেশের রাজনীতির দীর্ঘ ও বন্ধুর পথে রেখে গেছেন নিজের অবস্থান।

শিকাগোর প্রস্তাবনায় বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর ভূমিকা এবং মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণের নীতিও সেখানে তুলে ধরা হয়েছে। ‘মাদার অব ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্রের মা’ উপাধিটিও প্রস্তাবনার ভাষায় স্থান পেয়েছে।

এ ধরনের উপাধি কিংবা রাজনৈতিক মূল্যায়ন নিয়ে সবার মত এক হবে, এমন প্রত্যাশা করা যায় না। কেউ তাঁর রাজনৈতিক জীবনে সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ আখ্যান দেখেন, কেউ তাঁর শাসনকাল নিয়ে প্রশ্ন তোলেন। গণতন্ত্রের সৌন্দর্য এখানেই। মতভেদ থাকবে, ভিন্ন মূল্যায়ন থাকবে; তবু পরস্পরের কথা শোনার এবং ইতিহাসকে বহুমাত্রিকভাবে দেখার অবকাশ থাকতে হবে। কোনো নেতার চূড়ান্ত মূল্যায়ন একটি নামফলকে লেখা হয় না। তা লেখা হয় সময়ের খাতায়, মানুষের অভিজ্ঞতায় এবং ইতিহাসের নানা বাঁক পেরিয়ে।

আমাদের কাছে নামকরণের চেয়েও বড় বিষয় স্মৃতি ও আত্মপরিচয়। প্রবাসের মানুষ জানেন, দূরদেশে একটি পরিচিত নাম কতখানি উষ্ণতা দিতে পারে। শীতের সকালে স্কুলের পথে হেঁটে চলা কোনো বাঙালি শিশু হয়তো নামফলকটির দিকে তাকিয়ে বাবাকে জিজ্ঞেস করবে, ‘এ কে?’ বাবা অপলক তাঁকিয়ে যাবেন, তারপর ধীর স্থির দাঁড়িয়ে তাকে বলবেন নিজেদের দেশের কথা, দেশের মানুষের কথা, সংগ্রাম ও আশার কথা। একটি প্রশ্ন আর তার উত্তরের মধ্য দিয়েই হয়তোবা একটি পরিবার ফিরে যাবে নিজের শিকড়ে। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে বহমান থাকে দেশ, ইতিহাস ও আত্মপরিচয়ের স্মৃতি।

দেশের ভেতরেও নামকরণ নিয়ে একটি সংযত নীতিগত অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২ জুন কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে বেগম খালেদা জিয়ার নামে রাখার একটি প্রস্তাব তিনি অনুমোদন করেননি। বরং নির্দেশনা দিয়েছেন, প্রয়োজনে নতুন প্রতিষ্ঠানের নামকরণ করা যেতে পারে, পুরোনো কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন নয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিবও জানিয়েছেন, প্রস্তাবিত নামটি ভবিষ্যতে কোনো নতুন প্রতিষ্ঠান বা উদ্যোগের জন্য বিবেচনা করা যেতে পারে। এই অবস্থানের মধ্যে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অতীতের স্মৃতি ও প্রতিষ্ঠানের নিজস্ব পরিচয় অক্ষুণ্ন রাখার একটি সংবেদনশীলতা রয়েছে। যেকোনো সম্মান তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন তা পূর্ববর্তী পরিচয় মুছে দিয়ে নয়, বরং নতুন সম্মানের পরিসর তৈরি করে।

শিকাগোর প্রস্তাব শেষ পর্যন্ত সিটি কাউন্সিলের টেবিলে কী পরিণতি পায়, তা সময়ই বলে দেবে। তবে হ্যামট্রামিকের নামকরণ ইতিমধ্যে বাস্তব স্বীকৃতির রূপ পেয়েছে। এই দুই উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়, ভৌগোলিক দূরত্ব মানুষের শিকড়ের টান মুছে দিতে পারে না। প্রবাসের পথগুলো তাই শুধু যাতায়াতের জন্য নয়; কখনো কখনো সেগুলো হয়ে ওঠে দেশ, ইতিহাস ও আত্মপরিচয়ের স্মারক।

আমরা চাই, প্রবাসের এই পথগুলো দেশ ও প্রবাসের মানুষের মধ্যে সেতুবন্ধন হয়ে থাকুক। সেখানে রাজনৈতিক মতপার্থক্য থাকুক, ইতিহাসের ভিন্ন পাঠ থাকুক; কিন্তু সেই পথে হাঁটা মানুষের মনে মাতৃভূমির প্রতি একটু কোমলতা, একটু মমতা যেন জেগে থাকে।

কারণ, শেষ পর্যন্ত একটি নাম শুধু নামফলকে লেখা থাকে না; কখনো কখনো তা মানুষের স্মৃতিতে, প্রজন্মের কথোপকথনে এবং একটি দেশের আত্মপরিচয়ের অংশ হয়ে বেঁচে থাকে।


লেখক: আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০