গোমস্তাপুরে সার পাচারের চেষ্টা: ৬৭ বস্তা জব্দ, জরিমানা ৩০ হাজার
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৫:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৈধ কাগজপত্র ছাড়া গোপনে সার পাচারের সময় ৬৭ বস্তা সারসহ একটি মাহিন্দ্র পিকআপ আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার রাতে রহনপুর-আড্ডা সড়কের বংপুর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি টহল দল। এ সময় আড্ডা থেকে রহনপুরগামী একটি মাহিন্দ্র পিকআপ তল্লাশি করে ৬২ বস্তা ডিএপি এবং ৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।
ঘটনার পর গাড়িচালক আলম আলি ও সার বহনকারী শিবগঞ্জ উপজেলার বালুরচর গ্রামের জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। সার পরিবহনের উপযুক্ত প্রমাণপত্র দেখাতে না পারায় সারসহ যানবাহনটি রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সারগুলো নওগাঁর সাপাহার উপজেলার দিঘারবাজার থেকে শিবগঞ্জে নেওয়া হচ্ছিল।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে দোষ স্বীকার করায় জাহাঙ্গীর আলমকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা সমস্ত সার গোমস্তাপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমানের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
১২৫ বার পড়া হয়েছে