বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন আনোয়ার ইব্রাহিম
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে তাঁকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। আগামী ৭ ও ৮ ডিসেম্বর ২০২৬ তাঁর বাংলাদেশ সফরকালে এ বিশেষ মর্যাদা কার্যকর থাকবে। এ বিষয়ে রোববার (২২ নভেম্বর) সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশ গেজেটে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ দেওয়া ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনারেবল দাতো সেরি আনোয়ার ইব্রাহিমকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৭ ও ৮ ডিসেম্বর তাঁর বাংলাদেশ সফরের পুরো সময় এ মর্যাদা কার্যকর থাকবে। আদেশটি অবিলম্বে কার্যকর করার কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে উচ্চপর্যায়ের সফর ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। এর অংশ হিসেবে বিজয়ের মাস ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি চলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তাঁদের মতে, এসব উচ্চপর্যায়ের সফরের মধ্য দিয়ে দুই দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর গত জুনে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি দেশটি সফর করেন।
এ ছাড়া ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
১২৮ বার পড়া হয়েছে