তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নতুন বছরের শুরুতে তুরস্কে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জানুয়ারির মাঝামাঝি সময়ে এক বা একাধিক ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে কিরগিজস্তান ফুটবল ফেডারেশন। সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছে। বিষয়টি যাচাই করে দেখার দায়িত্ব দিয়েছে বাফুফের জাতীয় দল কমিটি।
২০২৬ সালে আর কোনো ফিফা আন্তর্জাতিক বিরতি বা উইন্ডো নেই। পরবর্তী ফিফা উইন্ডো নির্ধারিত রয়েছে ২০২৭ সালের ২২ থেকে ৩০ মার্চ। তবে এর আগেই আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ।
শনিবার অনুষ্ঠিত জাতীয় দল কমিটির সভায় কিরগিজস্তানের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সভায় বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিষয়টি পর্যালোচনার জন্য সাবেক একজন ম্যানেজার ও কমিটির একজন সদস্যকে দায়িত্ব দিয়েছেন।
বাংলাদেশ ফুটবল লিগ শুরু হচ্ছে আগামী ২৭ নভেম্বর। প্রথম লেগ শেষ হওয়ার কথা ১৬ জুন। লিগ ও দলবদলের বিরতির সময় কাজে লাগিয়ে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের।
তবে ফিফা উইন্ডোর বাইরে হামজা চৌধুরী, ফারহান ও শমিতদের মতো প্রবাসী ফুটবলারদের ক্লাব থেকে ছাড় পাওয়ার সম্ভাবনা কম। এ কারণে বিকল্প হিসেবে অনূর্ধ্ব-২৩ দলকে তুরস্কে পাঠানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তুরস্কের শীতকালীন আবহাওয়া, কিরগিজস্তানের দেওয়া সুযোগ-সুবিধা এবং দেশের ঘরোয়া ফুটবলের সূচি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে।
সাফ ব্যর্থতা নিয়ে উত্তপ্ত সভা
তবে জাতীয় দল কমিটির সভায় প্রীতি ম্যাচের প্রস্তাবের চেয়ে বেশি আলোচনা হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে। প্রধান কোচ টমাস ডুলিকে বিভিন্ন বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। পাশাপাশি দলের ম্যানেজার, দলনেতা ও সমন্বয়কারীদের মধ্যে সমন্বয়হীনতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা।
পরিস্থিতির সমাধান না হওয়ায় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকেও এক সদস্যের কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়।
আসিয়ান কাপের পর সাফ চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ দলের দলনেতার দায়িত্বে ছিলেন বাফুফে সদস্য ইকবাল হোসেন। তবে ক্যাম্পে তাঁর অনিয়মিত উপস্থিতি এবং প্রথম দুই ম্যাচে দলের সঙ্গে না থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। সেমিফাইনালে তিনি আবার দলের সঙ্গে যোগ দেন।
এ ছাড়া শুক্রবার ম্যানেজার বাবুর সঙ্গে হামজা চৌধুরীর দুই হাত ধরে তাঁকে নামাজে নিয়ে যাওয়ার একটি দৃশ্য নিয়েও সমালোচনা হয়েছে। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে গুরুতর চোট পাওয়া ফুটবলার সাদ উদ্দিনের যথাযথ খোঁজখবর না রাখার অভিযোগও আলোচনায় আসে।
এসব ঘটনায় সাধারণ সম্পাদক ও জাতীয় দলের দায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সভার সদস্যরা।
কোচের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হয়নি
কোচ টমাস ডুলির ঘন ঘন সাক্ষাৎকার দেওয়া এবং দলনেতা ইকবাল হোসেনের বিভিন্ন মন্তব্য ঘিরে আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন উঠেছে। এ পরিস্থিতিতে বাফুফের সাধারণ সম্পাদক ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে আচরণবিধির একটি রূপরেখা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আসিয়ান কাপে বাংলাদেশের নয় গোল হজম, নাইট ক্লাব বিতর্কের তদন্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিবেদন জমা না দেওয়ার বিষয়েও সভায় স্পষ্ট কোনো জবাব পাওয়া যায়নি।
প্রধান কোচ টমাস ডুলির ভবিষ্যৎ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরবর্তী সভায় আলোচনার জন্য রাখা হয়েছে। ফুটবলসংশ্লিষ্টদের একাংশ মনে করছেন, সাম্প্রতিক বিতর্ক সামাল দিতেই সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে বাফুফে।
সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে বাংলাদেশ শিরোপা জিতবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। কিন্তু শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে দলকে।
শনিবারের সভা শেষে সংবাদমাধ্যমের সামনে নিজে উপস্থিত হননি বাফুফে সভাপতি। তাঁর পরিবর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান।
১৩১ বার পড়া হয়েছে