দুবাইফেরত যাত্রীর শরীরে মিললো ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীর থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। স্কচটেপ দিয়ে মুড়িয়ে শরীরে লুকিয়ে আনা এসব স্বর্ণের ওজন ২ কেজি ১০৬ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রিন চ্যানেলে এ অভিযান চালানো হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা। এ সময় দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড৫০১ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাঁকে থামানো হয়।
পরে তাঁকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সঙ্গে থাকা সব লাগেজ তল্লাশি ও স্ক্যান করা হয়। একপর্যায়ে শরীরে অবৈধ পণ্য লুকিয়ে আনা হয়েছে কি না, তা নিশ্চিত করতে ওই যাত্রীকে স্ক্যান করা হলে তিনি স্বর্ণের বার লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।
এরপর বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁর শরীর থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়।
পরে বিমানবন্দরের কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৭ গ্রাম।
উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ হাজার ১০৬ গ্রাম বা ২ কেজি ১০৬ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় আটক যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
১২৪ বার পড়া হয়েছে