বিভাজনের বদলে চাই ঐক্যের বাংলাদেশ
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৪:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজনৈতিক বিভাজন ও প্রতিহিংসার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ঐক্য, ন্যায়বিচার ও নাগরিক মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন ফারূক মাহমূদ। তাঁর মতে, রাষ্ট্র কোনো বিজয়ী পক্ষের উত্তরাধিকার নয়; বরং সব নাগরিকের সম্মিলিত আমানত। তাই রাজনৈতিক দলগুলোর উচিত বিভাজন না বাড়িয়ে সহাবস্থান ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেনো বিভাজনই ক্ষমতার হাতিয়ার। কখনো মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ, কখনো সুপ্ত-গুপ্ত- রাজাকার, আবার কখনো স্বৈরাচারের দোসর; রাজনীতির কুটচালে পড়ে এসব অভিধায় নাগরিকদের বিভক্ত করার প্রবণতা আমাদের জাতীয় সংহতিকে ক্ষতিগ্রস্ত করেছে বারবার।
১৯৭১-এর মুক্তিযুদ্ধ আমাদের অভিন্ন রাষ্ট্রপরিচয়ের ভিত্তি। কিন্তু সেই ইতিহাস আওয়ামীলীগের একক সম্পত্তি দাবি করাই তালগোল পাকিয়েছে। তেমনি ২০২৪-এর গণবিপ্লবের স্টেক হোল্ডার বা মাস্টারমাইন্ড সাজতে গিয়ে এনসিপি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আর বিএনপি জাতীয়তাবাদের যে পশরা খুলেছে, তাও ফ্লেভারমাত্র।
জামায়াত-ই ইসলামের ধর্মীয় পেটরাতে যা মেলে, তাতেও বিতর্কের অন্ত নেই।
তাই নতুন প্রজন্ম মনে করে, রাজনৈতিক দলের উইপনস হিসেবে বিতর্ক আর বিভাজনকে নতুনভাবে বৈধতা দেয়ার কোনো কারণ নেই। বরং জনগণের মধ্যে বিভাজন না বাড়িয়ে রাজনৈতিক দল গুলো নিজেরা ঐক্যবদ্ধ হলেই জাতির জন্য মঙ্গল।
রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণেই জনগণের মধ্যেও বিভাজন বাড়ছে। ফলে হিংসা এবং প্রতিহিংসার আগুন ছড়িয়ে পড়ছে দিকে দিকে। সেই সুযোগে বিজয়ীরা পরাজিতদের ওপরে আগ্রাসী মনোভাব পোষণ করছে।
অথচ রাষ্ট্র কোনো বিজয়ী পক্ষের উত্তরাধিকার নয়। একাত্তর পরবর্তী বাংলাদেশ সব নাগরিকের সম্মিলিত আমানত।
এজন্য সরকার বদলালেই রাষ্ট্র বদলায় না কখনো। বদলাতে হয় ক্ষমতার দর্শন ও রাজনৈতিক সংস্কৃতি। তাই দেশকে এগিয়ে নিতে হলে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন না করে সহাবস্থানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।
সেইসাথে আমাদের দেশীয় সভ্যতায় মিশে থাকা বহুত্ববাদ এবং অসাম্প্রদায়িক মনোভাবের মৌলিক শক্তিকে ধারণ করতে হবে।
একইসঙ্গে ঐক্য, ন্যায়বিচার ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত হলে, তবেই হবে সবার বাংলাদেশ। আমার বাংলাদেশ।
ভালো থেকো বাংলাদেশ ।
১১৬ বার পড়া হয়েছে