তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৬:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকা। জুন শেষে এ পরিমাণ ছিল ৫ লাখ ৮১ হাজার ২৩৮ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৭১৭ কোটি টাকা। একই সময়ে ব্যাংক খাতের মোট ঋণের প্রায় ৩৪ শতাংশই শ্রেণিকৃত ঋণে পরিণত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেশের ব্যাংক খাতের ঋণ পরিস্থিতির এ চিত্র উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে ব্যাংকগুলোর মোট শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের বিপরীতে এর হার ৩৩ দশমিক ৮০ শতাংশ।
গত জুন শেষে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসে এ ধরনের ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।
সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। জুন শেষে এর পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ব্যাংকগুলোর ঋণ বিতরণ বেড়েছে মাত্র ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। বিপরীতে শ্রেণিকৃত ঋণ বেড়েছে কয়েক গুণ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, জুন শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। সেপ্টেম্বর শেষে তা বেড়ে হয়েছে ৩৩ দশমিক ৮০ শতাংশ। তিন মাসে এ হার বেড়েছে ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট। একই সময়ে নিট শ্রেণিকৃত ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ১২ শতাংশে।
অন্যদিকে, সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার ৩২ দশমিক ১৯ শতাংশ।
মন্দ ঋণের পরিমাণ সবচেয়ে বেশি
শ্রেণিকৃত ঋণের বড় অংশই রয়েছে মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে। সেপ্টেম্বর শেষে মোট শ্রেণিকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশ এ পর্যায়ে ছিল। টাকার অঙ্কে যার পরিমাণ ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি টাকা।
এ ছাড়া ব্যাংকগুলোর বিশেষ তদারকিতে থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্টের (এসএমএ) ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকা।
প্রভিশন ঘাটতি ২ লাখ ১৮ হাজার কোটি টাকা
খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণেও বড় ঘাটতি রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর প্রয়োজনীয় প্রভিশনের পরিমাণ ছিল ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা। এর বিপরীতে সংরক্ষণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা।
ফলে সেপ্টেম্বর শেষে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা।
তবে আগের প্রান্তিকের তুলনায় এ ঘাটতি কিছুটা কমেছে। গত জুন শেষে প্রভিশন ঘাটতির পরিমাণ ছিল ২ লাখ ২২ হাজার ৩৫৮ কোটি টাকা। একই সময়ে প্রভিশন কভারেজ অনুপাত ৫৪ শতাংশ থেকে বেড়ে ৫৪ দশমিক ৭৫ শতাংশ হয়েছে।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বিপুল পরিমাণ খেলাপি ও মন্দ ঋণের পাশাপাশি প্রভিশন ঘাটতি দেশের ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঋণ আদায়ের পরিস্থিতির উন্নতি না হলে ব্যাংক খাতের আর্থিক ঝুঁকি আরও বাড়তে পারে।
১২৯ বার পড়া হয়েছে