বড় চুক্তি ছাড়াই শেষ হলো কপ৩১ সম্মেলন
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৫:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ এবং জলবায়ু অর্থায়ন নিয়ে দেশগুলোর মতবিরোধের কারণে বড় কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ৩১। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত দুই সপ্তাহের এই সম্মেলনে শেষ পর্যন্ত কোনো কার্যকর রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারেনি অংশগ্রহণকারী দেশগুলো। নির্ধারিত সময় পেরিয়ে রোববার পর্যন্ত আলোচনা চলায় এটি জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ জলবায়ু সম্মেলনে পরিণত হয়েছে।
সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে প্রধান বিরোধের বিষয় ছিল জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্থায়ন। বিশেষ করে চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানির উল্লেখ থাকবে কি না, তা নিয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দেয়।
সৌদি আরব, রাশিয়া ও ভারতসহ কয়েকটি দেশ চুক্তির খসড়ায় জীবাশ্ম জ্বালানির বিষয়টি অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোসহ কয়েকটি পক্ষ জীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকায় চূড়ান্ত খসড়া প্রত্যাখ্যান করে।
এ পরিস্থিতিতে সম্মেলনের মূল রাজনৈতিক সমঝোতা ভেস্তে যায়। এর আগে সর্বশেষ ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
সম্মেলনের ব্যর্থতায় গভীর হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিব হিসেবে দায়িত্ব ছাড়ার আগে এটিই তাঁর শেষ জলবায়ু সম্মেলন। এ সময় জীবাশ্ম জ্বালানিসংশ্লিষ্ট প্রভাবশালী গোষ্ঠীগুলোর কঠোর সমালোচনা করেন তিনি।
গুতেরেস বলেন, এসব গোষ্ঠী বড় তামাক কোম্পানির মতো কৌশল অনুসরণ করছে। তারা বৈজ্ঞানিক তথ্য বিকৃত করছে, নীতিনির্ধারণে বিলম্ব ঘটাচ্ছে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে বাধা দিচ্ছে। বিপুল মুনাফা করলেও এর ক্ষতিকর পরিণতি ভোগ করতে হচ্ছে বিশ্বের সাধারণ মানুষকে।
দুই সপ্তাহের দীর্ঘ আলোচনার পর ক্লান্ত প্রতিনিধিদের সামনে রোববার ভোরে নতুন একটি চুক্তির খসড়া উপস্থাপন করা হয়। এর আগে গত সোমবার প্রকাশিত প্রথম খসড়ায় ছয়বার ‘জীবাশ্ম জ্বালানি’ শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছিল। তবে তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তির মুখে শেষ পর্যন্ত চূড়ান্ত খসড়া থেকে শব্দবন্ধটি পুরোপুরি বাদ দেওয়া হয়।
চূড়ান্ত খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের বিষয়ে সরাসরি কোনো উল্লেখ রাখা হয়নি। এ ক্ষেত্রে শুধু ২০২৩ সালে অনুষ্ঠিত কপ২৮ সম্মেলনে গৃহীত একটি সিদ্ধান্তের পরোক্ষ উল্লেখ ছিল।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়া আয়ারল্যান্ডের মন্ত্রী ডারা ও’ব্রায়েন চূড়ান্ত খসড়ার বিরোধিতা করেন। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ নেই—এমন জলবায়ু চুক্তি মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর প্রতিনিধিরাও সম্মেলনের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেন।
অন্যদিকে সৌদি আরবের প্রতিনিধি মোহাম্মদ আইয়ুব তাঁদের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ঐতিহাসিকভাবে গ্রিনহাউস গ্যাসের মোট নিঃসরণে আরব দেশগুলোর অবদান সামান্য।
এদিকে জীবাশ্ম জ্বালানি নিয়ে বিতর্কের কারণে জলবায়ু অভিযোজনের অর্থায়নের বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেছে আফ্রিকান দেশগুলোর আলোচকগোষ্ঠী। গোষ্ঠীটির চেয়ারম্যান বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোর অর্থায়ন প্রয়োজন। কিন্তু এবারের সম্মেলনে এ গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনায় পিছিয়ে পড়েছে।
১৩৪ বার পড়া হয়েছে