সর্বশেষ

প্রযুক্তি

চ্যাটজিপিটির হাতে ‘এআই ওয়ালেট’, পছন্দ বুঝে কেনাকাটা করবে এআই

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
অনলাইন কেনাকাটাকে আরও সহজ ও স্বয়ংক্রিয় করতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ নামে নতুন সুবিধা চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। এর মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ, প্রয়োজন ও নির্দেশনা বুঝে পণ্য খুঁজে দেওয়ার পাশাপাশি কেনাকাটার বিভিন্ন ধাপ সম্পন্ন করতে সহায়তা করবে চ্যাটজিপিটির এআই এজেন্ট। পণ্য নির্বাচন থেকে শুরু করে মূল্য পরিশোধের প্রস্তুতি পর্যন্ত কাজ করতে পারবে এই প্রযুক্তি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (১৩ নভেম্বর) নতুন এ সুবিধার ঘোষণা দেয় ওপেনএআই। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু চ্যাটজিপিটি প্রো গ্রাহকের জন্য এটি চালু করা হয়েছে। তবে সুবিধাটি ব্যবহারের জন্য গ্রাহকের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ইস্যু করা ভিসা, মাস্টারকার্ড কিংবা আমেরিকান এক্সপ্রেস কার্ড থাকতে হবে।

নতুন ওয়ালেট সুবিধায় চ্যাটজিপিটির ‘ডটস’ নামের এআই এজেন্ট ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পণ্য খুঁজে দিতে পারবে। পছন্দের পণ্য নির্বাচন করার পর কেনাকাটার পরবর্তী ধাপগুলোতেও সহায়তা করবে এটি।

তবে কেনাকাটার পুরো প্রক্রিয়ায় ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বজায় রাখার ব্যবস্থা রেখেছে ওপেনএআই। অর্থ পরিশোধের আগে পণ্যের বিবরণ, মোট খরচ এবং কোন কার্ড থেকে অর্থ কাটা হবে, তা যাচাই করার সুযোগ পাবেন গ্রাহক। সব তথ্য ঠিক থাকলে ফেস আইডি কিংবা আঙুলের ছাপের মাধ্যমে লেনদেনের অনুমোদন দিতে হবে। প্রতিটি কেনাকাটার তথ্যও সংরক্ষিত থাকবে।

যেভাবে কাজ করবে চ্যাটজিপিটি ওয়ালেট

নতুন সুবিধা ব্যবহার করতে প্রথমে চ্যাটজিপিটির ওয়ালেটে সমর্থিত ব্যাংক কার্ড যুক্ত করতে হবে। এরপর ডটস এআই এজেন্টকে প্রয়োজনীয় পণ্য কেনার নির্দেশনা দিলে এটি উপযুক্ত পণ্য খুঁজে দেওয়া ও নির্বাচনে সহায়তা করবে। একবার কার্ড যুক্ত করা হলে পরবর্তী কেনাকাটার সময় বারবার কার্ডের তথ্য দেওয়ার প্রয়োজন হবে না।

লেনদেনের নিরাপত্তায় ব্যবহার করা হবে বিশেষ টোকেন প্রযুক্তি। এর মাধ্যমে প্রকৃত কার্ডের তথ্যের পরিবর্তে একটি বিকল্প পরিচিতি ব্যবহার করা হবে। ফলে এআই এজেন্ট কিংবা অনলাইন বিক্রেতার কাছে গ্রাহকের আসল কার্ডের তথ্য প্রকাশিত হবে না।

তবে পণ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় তথ্য, যেমন গ্রাহকের ঠিকানা ও যোগাযোগের বিবরণ, সংশ্লিষ্ট বিক্রেতার কাছে পাঠানো হবে।

ওপেনএআইয়ের দাবি, এ ব্যবস্থায় কেনাকাটা করলেও ক্রেডিট কার্ডের প্রচলিত সুবিধাগুলো বজায় থাকবে। অর্থাৎ কার্ড ব্যবহারের বিপরীতে পাওয়া পুরস্কার বা রিওয়ার্ড সুবিধা এবং কোনো লেনদেন নিয়ে অভিযোগ জানানোর সুযোগও পাবেন গ্রাহকেরা।

ভবিষ্যতে আরও স্বয়ংক্রিয় হবে কেনাকাটা

প্রাথমিকভাবে সীমিতসংখ্যক ব্যবহারকারীর মধ্যে নতুন সুবিধাটি পরীক্ষা করছে ওপেনএআই। প্রযুক্তিটির কার্যকারিতা যাচাই এবং প্রয়োজনীয় উন্নয়নের পর আরও বড় পরিসরে এটি চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

ভবিষ্যতে এআই এজেন্টের ওপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। সে ক্ষেত্রে কেনাকাটার জন্য নির্দিষ্ট বাজেট, পণ্যের ধরন ও সময়সীমা আগেই নির্ধারণ করে দেওয়ার সুবিধা যুক্ত হতে পারে। এতে ব্যবহারকারীর দেওয়া শর্ত অনুসরণ করে স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটা করতে পারবে এআই এজেন্ট।

তবে এ প্রযুক্তি চালুর ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। কয়েকটি অনলাইন বিক্রয় প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে এআই এজেন্টের প্রবেশ ও কার্যক্রম সীমিত করছে। অ্যামাজনের মতো বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানও এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটায় নিরুৎসাহিত করছে। এর পরিবর্তে নিজেদের এআই সহকারী অ্যালেক্সার মাধ্যমে কেনাকাটায় গ্রাহকদের উৎসাহিত করতে চায় তারা।

এদিকে অনলাইন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এআইনির্ভর বাণিজ্যের জন্য প্রস্তুত করতে ‘কমার্স পার্টনার প্লেবুক’ নামে একটি নির্দেশিকাও প্রকাশ করেছে ওপেনএআই। এতে বিক্রেতাদের জন্য বিভিন্ন প্রযুক্তিগত নির্দেশনা ও প্রয়োজনীয় সরঞ্জাম যুক্ত করা হয়েছে।

ব্যক্তিগত কাজ পরিচালনায় এআই এজেন্ট ব্যবহারের প্রবণতা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাড়ছে। ডোরড্যাশ ও উবারের মতো প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে এআই এজেন্টের মাধ্যমে অর্ডারের সংখ্যা এখনো তুলনামূলক কম। অন্যদিকে মেটার ‘মিউজ’ এআই সেবায় কেনাকাটা ইতিমধ্যে ব্যবহারকারীদের জনপ্রিয় কার্যক্রমগুলোর একটি হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে অনলাইন কেনাকাটায় এআইয়ের ক্রমবর্ধমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় ওপেনএআই। চ্যাটজিপিটি ওয়ালেট সেই পরিকল্পনারই একটি নতুন উদ্যোগ।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
প্রযুক্তি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০