সর্বশেষ

প্রযুক্তি

কিশোরদের বয়স শনাক্তে ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নজরদারি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১০:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বিশ্বজুড়ে বাড়াচ্ছে মেটা। নতুন এ ব্যবস্থায় কেউ অ্যাকাউন্ট খোলার সময় নিজেকে প্রাপ্তবয়স্ক দাবি করলেও তার পোস্ট ও অনলাইন কার্যক্রম বিশ্লেষণ করে বয়স সম্পর্কে ধারণা নেবে প্রতিষ্ঠানটির প্রযুক্তি। ব্যবহারকারীকে ১৮ বছরের কম বয়সী বলে সন্দেহ হলে স্বয়ংক্রিয়ভাবে তাঁর অ্যাকাউন্টে কিশোরদের জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা চালু হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের সুরক্ষা জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যবহারকারীদের বয়স শনাক্তের প্রযুক্তি আরও বেশি দেশে চালুর পাশাপাশি বিশ্বব্যাপী এর পরিসর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

সোমবার (৯ নভেম্বর) দেওয়া এক ঘোষণায় মেটা জানায়, ব্যবহারকারীর পোস্ট, অনলাইন আচরণ ও অন্যান্য কার্যক্রম বিশ্লেষণ করে এআই প্রযুক্তি বয়স সম্পর্কে ধারণা তৈরি করবে। কোনো ব্যবহারকারীর বয়স ১৮ বছরের কম বলে সন্দেহ হলে তাঁর অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’–এর নিরাপত্তাব্যবস্থা কার্যকর হবে। ফলে নিজের বয়স ১৮ বছরের বেশি উল্লেখ করলেও কিশোরদের জন্য নির্ধারিত বিধিনিষেধ এড়ানো কঠিন হবে।

মেটার দাবি, বয়স শনাক্তকরণ প্রযুক্তি চালুর পর আগের তুলনায় বেশি কিশোরকে বয়স উপযোগী নিরাপত্তার আওতায় আনা সম্ভব হয়েছে। এ অভিজ্ঞতার ভিত্তিতে প্রযুক্তিটির ব্যবহার বিশ্বজুড়ে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করা হয়েছিল।

নতুন ব্যবস্থার বিষয়ে চলতি মাসে যুক্তরাষ্ট্রের যেসব অভিভাবক তাঁদের কিশোর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করেন, তাঁদের নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। এ ছাড়া ভবিষ্যতে ফেসবুক ও থ্রেডসেও একই প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

কিশোরদের অ্যাকাউন্টে যেসব বিধিনিষেধ

মেটার ‘টিন অ্যাকাউন্ট’ ব্যবস্থায় কিশোরদের নিরাপত্তার জন্য বেশ কিছু নিয়ন্ত্রণ যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩ বছরের কম বয়সীদের অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা, নির্দিষ্ট সময় পর বিরতি নেওয়ার পরামর্শ এবং রাতে ঘুমানোর সময় নোটিফিকেশন বন্ধ রাখার ব্যবস্থা।

এ ছাড়া প্রতিদিন অ্যাপ ব্যবহারের সময় সর্বোচ্চ দুই ঘণ্টায় সীমিত রাখার পাশাপাশি লাইক ও রিঅ্যাকশনের মতো কিছু সুবিধাও নিয়ন্ত্রণ করা হবে। এসব সুবিধার কারণে কিশোরদের মধ্যে অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করার প্রবণতা বাড়তে পারে বলে মনে করছে মেটা।

অপরিচিত ব্যক্তি ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে কিশোরদের যোগাযোগের ক্ষেত্রেও বাড়তি বিধিনিষেধ থাকবে। একটানা ১৫ মিনিট অ্যাপ ব্যবহারের পর বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি দৈনিক ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালে সতর্কবার্তা দেখানো হবে।

কেন বাড়ছে নজরদারি

কিশোরদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। শিশু বিকাশ বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম তরুণদের দীর্ঘ সময় অনলাইনে থাকতে উৎসাহিত করতে পারে। পাশাপাশি লাইক, মন্তব্য ও প্রতিক্রিয়ার মাধ্যমে অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার প্রবণতা এবং ক্ষতিকর বিষয়বস্তুর সংস্পর্শে আসার ঝুঁকিও রয়েছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। তাঁদের অভিযোগ, মেটার সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহারকারীদের মধ্যে আসক্তিমূলক আচরণ তৈরি করে, বয়স যাচাইয়ে যথাযথ ব্যবস্থা নেয় না এবং অভিভাবকদের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ রাখে।

এসব অভিযোগ, আইনি চাপ ও আর্থিক সমঝোতার পরিস্থিতির মধ্যে কিশোরদের অনলাইন নিরাপত্তা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করছে মেটা। প্রতিষ্ঠানটির লক্ষ্য, বয়স গোপন করে কেউ যেন কিশোরদের জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যেতে না পারে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
প্রযুক্তি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০