অ্যাপল ও জিমেইলের সেবায় বিঘ্ন, ভোগান্তিতে ব্যবহারকারীরা
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বিশ্বজুড়ে প্রযুক্তিগত সেবা বিপর্যয়ের ধারাবাহিকতায় এবার সমস্যায় পড়েছে অ্যাপল ও গুগল। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রতিষ্ঠান দুটির জনপ্রিয় কয়েকটি সেবা ব্যবহারে বিঘ্ন ঘটে। এর মধ্যে ছিল অ্যাপলের আইক্লাউড, অ্যাপল পে এবং গুগলের ইমেইল সেবা জিমেইল। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওয়েবসাইট ডাউনডিটেক্টরে হাজারো ব্যবহারকারী অ্যাপল ও গুগলের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার কথা জানান। অ্যাপলও তাদের কয়েকটি সেবায় সাময়িক বিঘ্নের বিষয়টি স্বীকার করে। তবে প্রতিষ্ঠানটির দাবি, সমস্যাগুলোর সমাধান করা হয়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে অ্যাপলের সিস্টেম স্ট্যাটাস পেজে একাধিক সেবায় ত্রুটির তথ্য প্রকাশ করা হয়। প্রভাবিত সেবাগুলোর মধ্যে ছিল অ্যাপ স্টোর, আইক্লাউড মেইল, আইক্লাউড ওয়েব অ্যাপস ও অ্যাপলকেয়ার।
অ্যাপলের এক মুখপাত্র জানান, সকালে অভ্যন্তরীণ একটি হালনাগাদের কারণে কয়েকটি সেবায় সমস্যা দেখা দিয়েছিল। বর্তমানে অধিকাংশ সিস্টেম স্বাভাবিক অবস্থায় ফিরেছে। বাকি সেবাগুলোও দ্রুত সচল করতে কাজ চলছে।
অন্যদিকে জিমেইলে বড় ধরনের বিপর্যয়ের খবর নাকচ করেছে গুগল। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, গুগলের অভ্যন্তরীণ পর্যবেক্ষণে জিমেইলের ব্যাপক সেবা বিঘ্নের কোনো প্রমাণ পাওয়া যায়নি। গুগল ওয়ার্কস্পেসের স্ট্যাটাস ড্যাশবোর্ডে সেবাগুলোর সর্বশেষ অবস্থা জানা যাবে বলেও জানান তিনি।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তিগত অবকাঠামোয় একের পর এক ত্রুটি দেখা যাচ্ছে। এর প্রভাব পড়ছে বিমান চলাচল, ব্যাংকিং ও ইমেইল যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ সেবায়।
এর আগে গত সপ্তাহে মাইক্রোসফটের আউটলুক ব্যবহারকারীরা বিশ্বজুড়ে ইমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে সমস্যায় পড়েন। একই সময়ে মাইক্রোসফট অফিসের কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনও স্বাভাবিকভাবে ব্যবহার করা যায়নি।
এর পরদিন যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ দেশটির সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করে। সোমবার ইউনাইটেড এয়ারলাইনসের সেবায়ও বিঘ্ন ঘটে। একই দিনে চেজ ব্যাংকের কয়েক হাজার গ্রাহক তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে সমস্যার কথা জানান।
জেপিমরগ্যান চেজ জানায়, নিজস্ব স্থাপনায় থাকা হার্ডওয়্যার ব্যবস্থায় সফটওয়্যারজনিত ত্রুটির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছিল। ফলে কিছু গ্রাহককে সেবা দিতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগে। তবে এ ঘটনার সঙ্গে সাইবার হামলার কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে জানায় ব্যাংকটি। সোমবার সন্ধ্যায় ব্যাংকটির এক মুখপাত্র জানান, লেনদেন কার্যক্রম আবার স্বাভাবিক হয়েছে।
এদিকে অ্যাপল ও জিমেইলের সেবায় বিঘ্নের খবর প্রকাশের আগেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) একটি নেটওয়ার্কে সমস্যার বিষয়টি সামনে আসে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটির অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক ‘এনএসএনেট’ সাময়িকভাবে অচল হয়ে পড়েছিল। তবে সিবিএস নিউজকে দেওয়া তথ্যে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণ চলার সময় এনএসএর কয়েকটি সেবায় সাময়িক সমস্যা দেখা দেয়।
ওই কর্মকর্তা আরও বলেন, কয়েকটি অভ্যন্তরীণ ব্যবস্থা প্রভাবিত হলেও সংস্থাটির গুরুত্বপূর্ণ ও মিশন-সংশ্লিষ্ট কার্যক্রম সচল ছিল। জাতীয় নিরাপত্তা রক্ষার সক্ষমতাতেও কোনো বিঘ্ন ঘটেনি।
১৭২ বার পড়া হয়েছে