সর্বশেষ

আইন-আদালত

সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর জিগাতলায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

এ মামলায় সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। তবে শুনানি শেষে আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. সুজন হক তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সাঈদ খোকনকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। পরে পুলিশি পাহারায় সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে আদালতে তোলা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে তাঁর পক্ষে আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ডের বিরোধিতা করেন।

শুনানির একপর্যায়ে বিচারকের কাছে কথা বলার অনুমতি চান সাঈদ খোকন। এ সময় তাঁকে বেশ কিছুক্ষণ হাত তুলে বিচারকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে দেখা যায়। তবে শুনানি শেষে বিচারক তাঁর জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন দমনে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। তাঁর নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। এ ছাড়া হামলার জন্য তিনি অর্থ ও অস্ত্রের জোগান দিয়েছিলেন বলে আবেদনে দাবি করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, সরকার পতনের পরও সাঈদ খোকন ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন করেন। পাশাপাশি পলাতক শীর্ষ নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

এর আগে মঙ্গলবার সকাল সাতটার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ২৬ আগস্ট নিহত কিশোরের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি সাঈদ খোকন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০