সাবেক প্রেমিককেই বিয়ে করার কারণ জানালেন কাজল
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৭:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
বন্ধুত্ব থেকে প্রেম, এরপর বিচ্ছেদ। দীর্ঘ বিরতির পর আবারও এক হন দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল ও গৌতম কিচলু। শেষ পর্যন্ত সাবেক প্রেমিককেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার কারণ জানিয়েছেন কাজল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁদের সম্পর্কের শুরু, বিচ্ছেদ এবং করোনাকালে নতুন করে এক হওয়ার গল্প শুনিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেমের গল্প বলতে গিয়ে কাজল আগরওয়াল বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবতী। নিজের সবচেয়ে ভালো বন্ধুকেই বিয়ে করেছি।’ এক বন্ধুর বিয়েতে গৌতমের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হয়। প্রায় ১৩ বছর আগে তাঁদের প্রেমের সম্পর্ক শুরু হলেও একপর্যায়ে বিচ্ছেদ ঘটে।
তবে সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্ব অটুট ছিল দুজনের। বিচ্ছেদের পর তাঁরা দুজনেই অন্য সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু একে অপরের প্রতি টান পুরোপুরি হারিয়ে যায়নি।
কাজল বলেন, ‘আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। তবে বন্ধু থেকেছি, অন্য মানুষের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছি। তারপর বুঝতে পেরেছি, আসলে আমাদের একসঙ্গেই থাকার কথা।’
করোনাকাল তাঁদের সম্পর্কের বিষয়ে নতুন করে ভাবার সুযোগ করে দেয়। বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও লকডাউনের মধ্যে দুজনেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন। তবে এবার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কোনো দ্বিধা রাখতে চাননি কাজল। গৌতমকে স্পষ্ট জানিয়ে দেন, বিয়েতে রাজি হলেই কেবল তাঁরা নতুন করে সম্পর্ক শুরু করবেন।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি ওকে বলেছিলাম— এবার হয় আমাকে বিয়ে করো, নয়তো বিদায় হও। এবার আর অন্য কোনো পথ নেই।’
কাজলের মতে, দীর্ঘদিনের পরিচয়ের কারণে একে অপরকে নতুন করে জানার তেমন কিছু বাকি ছিল না। দুজনের পছন্দ-অপছন্দ, ভালো-মন্দ এবং জীবনের নানা অভিজ্ঞতা সম্পর্কে তাঁরা আগে থেকেই জানতেন।
করোনার সময় পেশাগত ব্যস্ততা কমে যাওয়ায় ব্যক্তিগত জীবনেও মনোযোগ দেওয়ার সুযোগ পান তাঁরা। কাজল বলেন, ‘লকডাউন আমাদের নিজেদের জীবনটাকে নতুন করে দেখার সুযোগ করে দিয়েছিল। সব সময়ে কাজের পেছনে ছুটতে ছুটতে ব্যক্তিগত জীবনের দিকে তাকানোর অবকাশ ছিল না। সেই সময়টাতেই আমরা একে অপরকে আরও বেশি করে সময় দিতে পেরেছিলাম।’
২০২০ সালের অক্টোবর মাসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন কাজল আগরওয়াল ও গৌতম কিচলু। করোনাকালের বিধিনিষেধের কারণে সীমিত পরিসরে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
১০৬ বার পড়া হয়েছে