সর্বশেষ

প্রবাস

মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব জাতিসংঘের কমিটিতে অনুমোদিত, পর্যবেক্ষণে ড. মনিরুজ জামান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৫:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ আরোপের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে একটি সংশোধিত খসড়া প্রস্তাব অনুমোদিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ১১৫টি দেশ ভোট দেয়। বিপক্ষে ভোট পড়ে ৩৮টি। ভোটদানে বিরত থাকে ৩১টি দেশ। অধিবেশনটি পর্যবেক্ষণ করেন মানবাধিকার সংগঠন ব্রিং হোপের নিউইয়র্ক প্রতিনিধি ড. মনিরুজ জামান।

জাতিসংঘ সাধারণ পরিষদের সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক বিষয়ক তৃতীয় কমিটির ৪৪তম অধিবেশনে মানবাধিকারসংক্রান্ত বিভিন্ন বিষয়ের পাশাপাশি মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সম্মেলন কক্ষ-১-এ এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ বা মোরাটোরিয়াম আরোপের আহ্বান জানিয়ে উত্থাপিত সংশোধিত খসড়া প্রস্তাবের ওপর আলোচনা ও ভোটাভুটি হয়। এতে ১১৫টি দেশ প্রস্তাবের পক্ষে, ৩৮টি দেশ বিপক্ষে ভোট দেয়। এ ছাড়া ৩১টি দেশ ভোটদানে বিরত থাকে। পরে প্রস্তাবটি অনুমোদন করে কমিটি।

অধিবেশনে মানবাধিকার সংগঠন ব্রিং হোপের নিউইয়র্ক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ড. মনিরুজ জামান। তিনি পুরো কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন। অধিবেশন শেষে নিজের পর্যবেক্ষণের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করে সংগঠনটির প্রেসিডেন্ট ড. মারিওয়ান বেকারের কাছে জমা দেন।

প্রতিবেদনে ড. মনিরুজ জামান উল্লেখ করেন, মৃত্যুদণ্ড স্থগিতের পক্ষে থাকা দেশগুলোর প্রতিনিধিরা আলোচনায় জীবনের অধিকার, বিচারিক ভুলের কারণে নিরপরাধ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা এবং শাস্তি প্রয়োগে বৈষম্যের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

এসব দেশের প্রতিনিধিদের যুক্তি ছিল, গুরুতর অপরাধ প্রতিরোধে মৃত্যুদণ্ড কার্যকর ভূমিকা রাখে—এমন অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই মৃত্যুদণ্ডের পরিবর্তে মানবাধিকারসম্মত বিকল্প শাস্তিব্যবস্থা বিবেচনার প্রয়োজন রয়েছে।

অন্যদিকে, প্রস্তাবের বিরোধিতাকারী কয়েকটি দেশের প্রতিনিধিরা নিজস্ব বিচারব্যবস্থা পরিচালনা এবং ফৌজদারি শাস্তি নির্ধারণে রাষ্ট্রের সার্বভৌম অধিকারের বিষয়টি সামনে আনেন। তাঁদের মতে, যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে গুরুতর অপরাধের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের নির্ধারিত শর্ত অনুযায়ী মৃত্যুদণ্ডের বিধান রাখা যেতে পারে।

আলোচনা শেষে সংশোধিত খসড়া প্রস্তাবটি অনুমোদিত হলেও এটি আইনগতভাবে বাধ্যতামূলক নয়। তবে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করা এবং পর্যায়ক্রমে এ শাস্তি বিলোপের পক্ষে আন্তর্জাতিক অবস্থান তুলে ধরার ক্ষেত্রে প্রস্তাবটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পরবর্তী সময়ে এটি জাতিসংঘ সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে বিবেচনার জন্য উপস্থাপন করা হবে।

অধিবেশন পর্যবেক্ষণের অভিজ্ঞতা তুলে ধরে ড. মনিরুজ জামান তাঁর প্রতিবেদনে আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে মৃত্যুদণ্ড সীমিত করা ও বিলোপের পক্ষে সমর্থন বাড়ছে। তবে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, অপরাধ প্রতিরোধ এবং অপরাধের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের অধিকার নিয়ে বিভিন্ন দেশের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে।

তিনি মনে করেন, মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নাগরিক সমাজের পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব আলোচনা ও সিদ্ধান্ত ভবিষ্যতে বিভিন্ন দেশের জাতীয় আইন সংস্কার, মানবাধিকার সুরক্ষা এবং আন্তর্জাতিক নীতিনির্ধারণে প্রভাব ফেলতে পারে।

ব্রিং হোপের পক্ষ থেকে জীবনের অধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং অপরাধের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে মৃত্যুদণ্ডের পরিবর্তে মানবিক শাস্তিব্যবস্থা প্রতিষ্ঠায় সংগঠনটির কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০