দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১, বিপুল মালামাল জব্দ
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি মালামালসহ এক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য পৌনে তিন লাখ টাকা। ৪৭ বিজিবির কয়েকটি টহল দল সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবির পাঠানো তথ্য অনুযায়ী, ঠোটারপাড়া বিওপির একটি চৌকস দল মহিষকুন্ডি ঘোনাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার মৃত জান বাক্সের ছেলে মোঃ লালুকে (৪৫) ২৯ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ১১ হাজার ৭০০ টাকা।
অন্যদিকে চিলমারী বিওপির বিজিবি সদস্যরা বুড়ির খাল নামক স্থানে পৃথক একটি অভিযান পরিচালনা করেন। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৮৫ হাজার ৪৯৯ টাকা মূল্যের ৬টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া ধলা বিওপির অধীনস্থ ধলার মাঠ এলাকায় পরিচালিত অপর এক অভিযানে ১৮ কেজি ভারতীয় গাঁজা এবং ৮ বোতল মদ জব্দ করে বিজিবি। এসব উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
১৬০ বার পড়া হয়েছে