সরকারি খরচায় ৪ লাখ ৯০ হাজার মামলায় আইনি সহায়তা
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে অসচ্ছল ও আর্থিকভাবে অক্ষম বিচারপ্রার্থীদের সরকারি খরচে ৪ লাখ ৯০ হাজার ১৩৪টি মামলায় আইনি সহায়তা দিয়েছে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর। অধিদপ্তরের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া মোট ৪ লাখ ৯০ হাজার ১৩৪টি মামলার মধ্যে ৩ হাজার ৫০৬টি মামলায় সহায়তা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে।
এ ছাড়া দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৮১ হাজার ৯২০টি মামলায় এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৭০৮টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে সরকারি খরচে আইনি সহায়তা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে এ সেবা দেওয়া হচ্ছে।
এ ছাড়া সরকারি আইনি সহায়তা পেতে জাতীয় হেল্পলাইন কলসেন্টারেও যোগাযোগের সুযোগ রয়েছে। এ জন্য টোল ফ্রি ১৬৬৯৯ নম্বরে ফোন করা যায়। কারাবন্দিদেরও এ কার্যক্রমের আওতায় আইনি সহায়তা দেওয়া হচ্ছে।
দেশের আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ ও বিচারপ্রার্থী জনগণের আইনি অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি খরচে এ সেবা দেওয়া হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর এ কার্যক্রম পরিচালনা করছে।
১০৪ বার পড়া হয়েছে