সংসদ সদস্য পদ ছাড়লেন ওসমান ফারুক, স্পিকারের কাছে পদত্যাগপত্র, আসন শূন্য
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার (১৭ নভেম্বর) ই-মেইলের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। পরে সংসদ অধিবেশনে তাঁর আসন শূন্য ঘোষণা করেন স্পিকার।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক অসুস্থতার কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে চিকিৎসার জন্য তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি।
পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন ওসমান ফারুক। তাঁর পাঠানো ই-মেইল বার্তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে তাঁর আসন শূন্য ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ড. মুহাম্মদ ওসমান ফারুক। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপি সরকারের সময় শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। ১৯৬১ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে ১৯৬৩ সালে মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইডের ফেলোশিপ কর্মসূচিতে অংশ নেন তিনি। এর পর ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএস ডিগ্রি অর্জন করেন।
১৯৭০ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক।
১৬৪ বার পড়া হয়েছে