পল্লবীতে শিশু রামিসা হত্যা: হাইকোর্টের রায়ে সোহেলের ফাঁসি বহাল, স্বপ্না খালাস
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে সোমবার দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছিলেন আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসার বাথরুমে আট বছরের শিশুটিকে আটকে রেখে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে ছুরি দিয়ে শিশুটির মাথা বিচ্ছিন্ন এবং দুই হাত কাঁধ থেকে অর্ধবিচ্ছিন্ন করা হয়। পরে মরদেহ বাথরুমের একটি বালতিতে রেখে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা।
এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে স্বপ্না খাতুনকে গ্রেপ্তার করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। মামলায় সোহেল রানা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
মামলার সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ নিহত শিশুর উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় মামলাটির রায় ঘোষণা করা হয়েছিল।
পরে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দুই আসামি পৃথকভাবে জেল আপিল করেন। এসব আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে মঙ্গলবার রায় দেন হাইকোর্ট। এতে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকলেও স্বপ্না খাতুন খালাস পান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শিশুটির বাবা পরিবারের সদস্যদের নিয়ে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে সাবলেটে থাকতেন সোহেল রানা ও স্বপ্না খাতুন।
এজাহারে বলা হয়, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশুটি বাসা থেকে বের হয়। এ সময় একই ভবনের ভাড়াটে কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে ডেকে নেন। সকাল সাড়ে ১০টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে শুরু করেন তার মা। একপর্যায়ে ওই ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের জুতা দেখতে পান তিনি।
দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় সেটি ভাঙেন শিশুটির মা। পরে ফ্ল্যাটের ভেতরে সোহেলের শয়নকক্ষের মেঝেতে শিশুটির মস্তকবিহীন মরদেহ এবং বাথরুমের একটি বালতিতে তার মাথা পাওয়া যায়।
১৭৪ বার পড়া হয়েছে